আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের আলিম ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। ফল প্রকাশে ৬০ দিনের বাধ্যবাধকতা থাকলেও এবার ৫৭ দিনে তা প্রকাশ করা হচ্ছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকাল সাড়ে নয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন। পরে দুপুর ১২টায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারনেটে ফলাফল পাঠানো দুটি স্কুলের প্রধানদের সঙ্গে কথা বলবেন। এবার www.educationboardresults.gov.bd ছাড়াও বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। যেসব কলেজের ই-মেইল ঠিকানা আছে এবং যেসব পরীক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছে তারা বিস্তারিত ফলাফল পাবে। দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরা হবে।এবারের এইচএসসি, আলিম ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৩৭টি কেন্দ্রে সাত হাজার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।