আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার দেশজুড়ে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি), আলিম, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা প্রশাসন, শিক্ষা বোর্ড ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে।আজ প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই পরীক্ষা। এ বছর ১০টি শিক্ষা বোর্ডের সাত হাজার ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত লাখ ৩৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে তিন হাজার ২৪২টি কলেজের পাঁচ লাখ ৮৭ হাজার ৫৪০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৪০টি মাদ্রাসা থেকে ৭৪ হাজার ৪১৩ ও কারিগরি শিক্ষা বোর্ডের এক হাজার ৩০২টি প্রতিষ্ঠানের ৭০ হাজার ৫০৪ জন পরীক্ষার্থী রয়েছে।এবার মোট পরীক্ষার্থীর মধ্যে চার লাখ ৪৬৪ জন ছাত্র ও তিন লাখ ৩৫ হাজার ৯০৯ জন ছাত্রী।গত বছরের তুলনায় এবার এইচএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ১৪ হাজার ১৪৯ জন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে প্রত্যেক এলাকায় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। তিনি গত মঙ্গলবার বলেছেন, কোনো শিক্ষক নকলের সঙ্গে জড়িত হলে তাঁর বেতনের সরকারি অংশ (এমপিও) বাতিল করা হবে। কোনো পরীক্ষা কেন্দ্র নকলপ্রবণ হিসেবে প্রমাণিত হলে পরবর্তী বছরের জন্য ওই সব কেন্দ্র বাতিল করা হবে। শিক্ষামন্ত্রী নকল করে পাস করার চিন্তাভাবনাকারী পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে না আসার পরামর্শ দেন।