উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন। বোর্ডগুলো পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।বোর্ডগুলোর মধ্যে আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ছয় লাখ ২৯ হাজার ৬১৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৭৬ হাজার ৯৫৭, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় (বিএম) ৬৮ হাজার ৯৬১ এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষায় তিন হাজার ৯০৪ জন অংশ নিচ্ছে। সময়সূচি অনুযায়ী এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৩১ মে।এইচএসসিতে ঢাকা বোর্ডে দুই লাখ নয় হাজার ১১৭ জন, রাজশাহীতে ৭৯ হাজার ১৩৫, কুমিল্লায় ৬৩ হাজার ৩৯, যশোরে ৮৭ হাজার ৮৪০, চট্টগ্রামে ৪৮ হাজার ৭৫, বরিশালে ৩৬ হাজার ৩৪২, সিলেটে ৩০ হাজার ৯৬৫ এবং দিনাজপুর বোর্ডে ৭৫ হাজার ১০৬ জন পরীক্ষা দিচ্ছে।১০টি বোর্ডে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দুই হাজার ৭৪টি। এর মধ্যে ঢাকা বোর্ডের অধীনে বিদেশের পাঁচটি কেন্দ্র রয়েছে। মোট সাত হাজার ২৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।প্রস্তুতি বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘প্রস্তুতি খুব ভালো। শিক্ষার্থীরা যেন সময়সূচি দেখে পরীক্ষা শুরুর আগেই পরীক্ষাকেন্দ্রে আসে।’পরীক্ষা উপলক্ষে গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা চান।শিক্ষক-কর্মচারী ঐক্যজোট গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বেসরকারি শিক্ষকদের টাইম স্কেল স্থগিত করার প্রতিবাদে তারা কালো ব্যাজ ধারণ করে পরীক্ষার দায়িত্ব পালন করবে।এদিকে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট পরীক্ষার সময় মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক নেতা-কর্মীদের কেন্দ্র পরিদর্শন ও রাজনৈতিক কর্মসূচি পালনে বিরত থাকার এবং শিক্ষকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রন্ট এ অনুরোধ জানায়।