আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন। আজ ছিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য ১৫ মিনিট বেশি সময় দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। বোর্ডগুলোর মধ্যে আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ছয় লাখ ২৯ হাজার ৬১৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৭৬ হাজার ৯৫৭, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় (বিএম) ৬৮ হাজার ৯৬১ এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষায় তিন হাজার ৯০৪ জন অংশ নিচ্ছে। সময়সূচি অনুযায়ী এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৩১ মে।এইচএসসিতে ঢাকা বোর্ডে দুই লাখ নয় হাজার ১১৭ জন, রাজশাহীতে ৭৯ হাজার ১৩৫, কুমিল্লায় ৬৩ হাজার ৩৯, যশোরে ৮৭ হাজার ৮৪০, চট্টগ্রামে ৪৮ হাজার ৭৫, বরিশালে ৩৬ হাজার ৩৪২, সিলেটে ৩০ হাজার ৯৬৫ এবং দিনাজপুর বোর্ডে ৭৫ হাজার ১০৬ জন পরীক্ষা দিচ্ছে।১০টি বোর্ডে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দুই হাজার ৭৪টি। এর মধ্যে ঢাকা বোর্ডের অধীনে বিদেশের পাঁচটি কেন্দ্র রয়েছে। মোট সাত হাজার ২৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।