আজ ঐতিহাসিক রায় হয়েছে: ম. হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম মহাসচিব ম. হামিদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যাঁরা রাজাকার ও আলবদর বাহিনী পরিচালনা করেছেন, সেই আলবদর বাহিনীর একজন প্রধান নেতা মুজাহিদ। যিনি বুদ্ধিজীবী হত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আজ তাঁর মামলার রায় হয়েছে। শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন হত্যায় তাঁর ফাঁসি হয়েছে। আজকে একটি ঐতিহাসিক রায় হয়েছে।আজ বুধবার মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রথম আলো ডটকমকে আদালত চত্বরে ম. হামিদ এসব কথা বলেন।ম. হামিদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার দাবি করে আসছি। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে একই দাবিতে। আমি মনে করি, এ রায়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে, বিচার হচ্ছে।’সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘মুজাহিদের বিরুদ্ধে আনা অভিযোগের কয়েকটি প্রমাণিত হয়েছে। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতে জাতি কলঙ্কমুক্ত হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল। এখন এই রায় কার্যকর হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আশা করি, রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হওয়ার যে প্রক্রিয়া চলছে, তা শেষ হবে।’