বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিখোঁজ ইলিয়াস আলীকে না পাওয়ায় আজ রোববার ও কাল সোমবার সারা দেশে আবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।গতকাল শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মধ্যে সরকার ইলিয়াস আলীকে ফেরত না দিলে সোমবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ ১৮ দলীয় জোটের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। চার দল সম্প্রসারিত হয়ে নবগঠিত ১৮ দলীয় জোট এই প্রথম একত্রে কর্মসূচি দিল।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে উদ্ধারে এর আগে চার দিনের সময় বেঁধে দিয়েছিল বিএনপি। দলটির অভিযোগ, সরকারের লোকজন ইলিয়াস আলীকে অপহরণ ও গুম করেছে।মির্জা ফখরুল বলেন, এখন রাজনীতিতে গভীর সংকট ও অশনিসংকেত দেখা দিয়েছে। গত ২৭ মাসে অন্তত ২৮ জন রাজনীতিবিদকে গুম করা হয়েছে। এর মতো ভয়াবহ অপরাধ আর নেই। সরকার প্রতিহিংসার কারণে এটা করছে। সরকারকে এ জন্য জবাবদিহি করতে হবে, নইলে নৈতিক কারণে পদত্যাগ করতে হবে।গত ১৭ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে রাজধানী থেকে নিখোঁজ হন সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার। ওই রাতে বনানীর রাস্তা থেকে পুলিশ ইলিয়াস আলীর খালি গাড়ি উদ্ধার করে। এরপর ১১ দিন পার হলেও সরকার ইলিয়াস আলীর কোনো হদিস করতে পারেনি। এ ঘটনার পর গত ২৪ এপ্রিল বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সরকারের ‘এজেন্সি ও র্যাবের লোকেরা’ ইলিয়াসকে তুলে নিয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ১৯ এপ্রিল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, ইলিয়াস আলী বিরোধীদলীয় নেত্রীর নির্দেশে লুকিয়ে থাকতে পারেন।ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে ২২, ২৩ ও ২৪ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। এরপর দলটি ইলিয়াসকে জীবিত ফেরত দিতে সরকারকে চার দিন সময় বেঁধে দেয়। এই সময় গতকাল শেষ হয়। এর আগে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইলিয়াসকে জীবিত উদ্ধার করার লক্ষ্যে সরকার কাজ করছে। অবশ্য পরদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ইলিয়াস আলীকে জঙ্গিগোষ্ঠী লুকিয়ে রেখেছে কি না, সরকার তা খতিয়ে দেখছে।ইলিয়াসকে ফেরত দিলে কর্মসূচি প্রত্যাহার: এদিকে বিএনপি ঘোষণা দিয়েছে, ইলিয়াস আলীকে ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গতকালের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেছেন, যে মুহূর্তে ইলিয়াস আলীকে পাওয়া যাবে, সেই মুহূর্ত থেকে সব কর্মসূচি প্রত্যাহার করা হবে। তিনি অভিযোগ করেন, সরকারের লোকেরাই ইলিয়াসকে তুলে নিয়ে গেছে। বিএনপি বিস্মিত হয়েছে এই নিখোঁজের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যে। মন্ত্রীদের কথায় এখন পরিষ্কার, ইলিয়াসকে কারা গুম করেছে। ব্যর্থতা ঢাকতে ও সুরঞ্জিতের দুর্নীতির বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এই গুমের ঘটনা ঘটানো হয়েছে।এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আগামী মঙ্গলবার মে দিবস। তাই ওই দিন কোনো কর্মসূচি রাখা হয়নি। মে দিবসের কারণে একটানা কর্মসূচি দেওয়া না গেলেও ইলিয়াসকে ফিরে পাওয়ার দাবিতে বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে। বাধ্য হয়ে হরতাল দিচ্ছি: এইচএসসি পরীক্ষা চলছে। এ অবস্থায় হরতাল শিক্ষার্থীদের পরীক্ষা ও পড়াশোনার ওপর বিরূপ প্রভাব ফেলবে। এ ক্ষেত্রে বিএনপির বক্তব্য কী, এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘হরতালে জনগণের ভোগান্তি হয়। পরীক্ষার্থীদের সমস্যা হবে, এটা বিএনপি জানে। তবে গুম বা নিখোঁজের এ ঘটনা অনেক বড় জাতীয় সমস্যা। এই বিষয়টিও বুঝতে হবে। আমরা বাধ্য হয়েই হরতাল দিচ্ছি।’ তিনি বলেন, ইলিয়াসের এক ছেলে এইচএসসি পরীক্ষার্থী। তার বাবা নিখোঁজ। এ অবস্থায় তারও পরীক্ষা দিতে কষ্ট হচ্ছে।এইচএসসি পরীক্ষার সময় হরতালের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হরতাল করা যাবে কি যাবে না, সে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আদালতের আছে কি না জানি না। এটা আইনজীবীরা ভালো বলতে পারবেন। তবে বিএনপি মনে করে, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে হওয়া উচিত। এখানে আদালতের হস্তক্ষেপ না থাকা ভালো।মির্জা ফখরুল বলেন, বিএনপি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানতে পেরেছে, আগামী ৫ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঢাকায় আসছেন। আরও কয়েকজন বিদেশি অতিথি বাংলাদেশে আসছেন। এই অবস্থায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছু বিএনপি করবে না, যদিও অতীতে আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় দেশের স্বার্থ দেখেনি।