ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতালের প্রতিবাদে আজ বৃহস্পতিবার কালো পতাকা মিছিল করবে গণজাগরণ মঞ্চ। গতকাল বুধবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে এক সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কথা জানান।মুখপাত্র ইমরান বলেন, গণজাগরণ মঞ্চ বেলা ১১টায় ঢাকার শাহবাগ থেকে কালো পতাকা মিছিল বের করবে। তিনি সারা দেশে একই সময়ে কালো পতাকা মিছিল করে শিবিরের ডাকা হরতাল রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান।সংগঠনের সভাপতিকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়ার প্রতিবাদে আজ সারা দেশে হরতাল ডেকেছে শিবির।কর্মসূচি ঘোষণার পর সন্ধ্যায় পূর্বঘোষিত কর্মসূচি ‘বুকপকেটে চিঠি’তে একাত্তরের শহীদদের উদ্দেশে লেখা ২০টি চিঠি পাঠ করা হয়। গত ২০ ফেব্রুয়ারি শহীদদের উদ্দেশে বেলুনে বেঁধে চিঠি উড়িয়ে দেওয়ার কর্মসূচির সময় গণজাগরণ মঞ্চের কাছে যেসব চিঠি জমা পড়েছিল, সেগুলো থেকে এ ২০ চিঠি বাছাই করা হয়েছে। চিঠিগুলো পড়ে শোনান আসাদুজ্জামান নূর, আহকামউল্লাহ, রফিকুল ইসলাম, তামান্না তিথি, বেলায়েত হোসেন ও রেজিনা ওয়ালী।আবেগে ভরা এ চিঠিগুলোতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। চিঠিতে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং জামায়াত-শিবির নিষিদ্ধ না করে ঘরে ফিরবে না বলে অঙ্গীকার করেছে নতুন প্রজন্ম।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য দণ্ডিত কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি আন্দোলন শুরু করে গণজাগরণ মঞ্চ। ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের উদ্যোগে শুরু হওয়া এ আন্দোলনে ক্রমশ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষ। গণজাগরণ মঞ্চ তখন থেকে মানবতাবিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবির নিষিদ্ধসহ ছয় দফা দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করে আসছে।