আজ ক্রীড়াঙ্গনের সেই মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষার যন্ত্রণা আছে। আবার মধুর দিকও আছে। অপেক্ষা দীর্ঘ হলে প্রাপ্তির আনন্দটা মধুরতর হয়ে ওঠে। গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার নিয়েও কথাটা খুব খেটে যাচ্ছে। ওই অপেক্ষার কারণে পুরস্কারজয়ীদের আনন্দটা এবার একটু বেশিই হওয়ার কথা। ২০০৫ থেকে ২০০৯ টানা পাঁচ বছর এই ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান ছিল নিয়মিত বার্ষিক আয়োজন। নানা কারণে মাঝখানে দুই বছর তাতে বিরতি পড়েছে। আজ বিকেলে তাই একসঙ্গে তিন বছরের আয়োজন। রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে পুরস্কৃত করা হবে ২০০৯, ২০১০ ও ২০১১ সালের বর্ষসেরাদের।স্বাভাবিকভাবেই পুরস্কারজয়ীদের ঘিরে থাকবে বেশি আলো। তবে এ অনুষ্ঠান তো শুধুই তাঁদের নয়, এটি ক্রীড়াঙ্গনের সবার। সত্যিকার অর্থেই তা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক মিলনমেলা। সব খেলার সব যুগের কীর্তিমানেরা জড়ো হবেন এক ছাদের নিচে। সার্থক করে তুলবেন এ অনুষ্ঠানের মূল সুরটাকে। কী সেই সুর? এটি ক্রীড়াবিদদের জন্য অনুষ্ঠান, ক্রীড়াবিদদের নিয়ে অনুষ্ঠান, ক্রীড়াবিদদেরই অনুষ্ঠান।প্রতিবারই এই অনুষ্ঠানে কোনো না কোনো চমক থাকে। এবারও যথারীতি তা থাকছে, একটু বেশিই থাকছে। সেসব না হয় এখন গোপনই থাকুক। কিছু ব্যাপার তো পাঠকেরা জেনেই গেছেন। যেমন এই প্রথম যোগ হয়েছে পাঠকের ভোটে বর্ষসেরা পুরস্কার। প্রথম আলোয় ছাপা হওয়া কুপন ও মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠকেরা নির্বাচিত করেছেন ২০১১ সালের বর্ষসেরাকে। ওই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ভাগ্যবান ৫০ জন সুযোগ পাচ্ছেন এই অনুষ্ঠানে দর্শকসারিতে থাকার।পুরস্কার কারা পাচ্ছেন—এ প্রশ্নটা ফিসফিসানি থেকে উচ্চগ্রামে উঠে গেছে কয়েক দিনে। কিন্তু উত্তর পেতে অপেক্ষা মানতেই হচ্ছে। শুরু থেকেই এই পুরস্কারের বিশেষত্ব হয়ে আছে এটি—মঞ্চে পুরস্কারজয়ীর নাম ঘোষণা করার আগপর্যন্ত তা জানার উপায় নেই। দেশের খ্যাতিমান পাঁচ ক্রীড়া ব্যক্তিত্বের সমন্বয়ে গড়া জুরি বোর্ড চুলচেরা বিশ্লেষণ করে নির্বাচন করেন সেরাদের। বর্ষসেরা ক্রীড়াবিদের সঙ্গে পুরস্কার পান দুই রানারআপ, পুরস্কৃত করা হয় বর্ষসেরা নারী ক্রীড়াবিদকে। আছে আগামী দিনের তারকা চিনে নেওয়ার সুযোগও। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার অবশ্য এবার শুধুই ২০১১ সালের জন্য। ২০০৯ ও ২০১০ সালের উদীয়মানেরা তো এরই মধ্যে হয় পরিপূর্ণ মহিমায় উদিত, অথবা শুরুর প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ নিতে না পেরে বিবর্ণ।গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার পাওয়া বর্ষসেরা উদীয়মানেরা অবশ্য এই নির্বাচনকে যথার্থ প্রমাণ করে ক্রমেই আরও উজ্জ্বলই হয়ে ওঠেন। নামগুলো পড়লেই তা বুঝতে পারবেন—হকির রাসেল মাহমুদ (জিমি), ফুটবলের জাহিদ হাসান (এমিলি), ক্রিকেটের সাকিব আল হাসান ও তামিম ইকবাল এবং দাবার মিনহাজউদ্দিন আহমেদ (সাগর)। প্রথম চারজন তো নিজ নিজ খেলার শীর্ষস্থানেই পৌঁছেছেন, সাগরও জাতীয় চ্যাম্পিয়ন ও আইএম খেতাব পেয়ে একদিন ‘মহাসাগর’ হওয়ার অপেক্ষায়।নির্দিষ্ট বছরের পারফরম্যান্স দিয়ে না হয় বর্তমান খেলোয়াড়দের মূল্যায়ন করা গেল, কিন্তু অতীতে যাঁরা আমাদের মন রাঙিয়ে গেছেন, তাঁরা কি উপেক্ষিত থাকবেন? ক্রীড়াঙ্গনে তাঁদের অবদানকে স্বীকৃতি জানাতেও আছে আজীবন সম্মাননা। বর্ষসেরা ক্রীড়াবিদ ও আজীবন সম্মাননার পুরস্কারের অর্থমূল্য দেড় লাখ টাকা। পাঠকদের ভোটে বর্ষসেরা পাবেন এক লাখ টাকা, বাকি সবাই ৫০ হাজার টাকা করে। তবে এই পুরস্কারের আসল মহিমা তো আর অর্থমূল্যে পরিমাপ করার মতো নয়। সঙ্গে স্বীকৃতির স্মারক যে ক্রেস্টটি হাতে পাবেন বর্ষসেরা ক্রীড়াবিদেরা, সেটি তো আর টাকায় মেলে না।এই আলো ঝলমল অনুষ্ঠান শুধুই আমন্ত্রিত অতিথিদের জন্য। আপনি যদি সেই তালিকায় না-ও থাকেন, হতাশ হওয়ার কিছু নেই। একটু অপেক্ষায় থাকুন, চ্যানেল আইতে প্রচারিত হবে ধারণকৃত এই অনুষ্ঠান। বিজয়ীদের নাম জানতে এত দিন অপেক্ষারও প্রয়োজন নেই। আগামীকালের প্রথম আলোই তো আছে।