আজ ক্লাস শুরু হচ্ছে বুয়েটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৬৫ দিন বন্ধের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আজ শনিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ থেকে ক্লাস শুরু হচ্ছে। এ নিয়ে আর কোনো সংশয় নেই। চলতি সপ্তাহেই একাডেমিক কাউন্সিলের সভা ডেকে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, ক্লাস শুরু হচ্ছে। শিক্ষকেরা ক্লাসে যাবেন। এ ছাড়া দীর্ঘদিন বন্ধের কারণে যে সেশনজট হয়েছে, তা কাটিয়ে উঠতে শিক্ষকেরা অতিরিক্ত ক্লাস নেবেন। বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে গত ৭ এপ্রিল থেকে শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। লাগাতার ২৮ দিন কর্মবিরতির পর ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা ৫ মে থেকে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন। ৯ জুন সভা করে ৩০ জুনের মধ্যে উপাচার্য ও সহ-উপাচার্যকে পদত্যাগ করতে সময় বেঁধে দেয় শিক্ষক সমিতি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় ৭ জুলাই থেকে প্রতীকী কর্মবিরতি শুরু করেন শিক্ষকেরা। এরপর ১৪ জুলাই থেকে আবারও লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিলে ১১ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা একত্রে আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে ২ সেপ্টেম্বর সহ-উপাচার্য হাবিবুর রহমানকে অপসারণ করা হয়।