আজ খেলার সময় কিছু সড়কে যান চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের আজ প্রথম খেলা। বেলা ১১টা থেকে খেলা শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের আশপাশের সড়ক ও গলিপথে কোনো যানবাহন চলতে পারবে না। যানবাহনগুলোকে চলতে হবে বিকল্প সড়কে। দুপুরের পর রোকেয়া সরণি এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে পুলিশ।মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, খেলা উপলক্ষে মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হল থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এবং মিরপুর প্রশিকা মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। তবে হেঁটে চলাচল করা যাবে। এসব সড়কের যানবাহনগুলোকে মিরপুর চিড়িয়াখানা রোড-রাইনখোলা ক্রসিং-কমার্স কলেজ-প্রশিকা-চলন্তিকা মোড় হয়ে মিরপুর ১১ ও ১২ নম্বরে আসা-যাওয়া করতে হবে।ফার্মগেট থেকে খেজুর বাগান-আগারগাঁও ক্রসিং-রোকেয়া সরণি (কাজীপাড়া ও শেওড়াপাড়া) হয়ে যেসব যানবাহন মিরপুর ১২ নম্বরে যাবে, সেসব যানবাহনকে আসাদগেট-শ্যামলী-কল্যাণপুর-দারুসসালাম-মিরপুর ১-সনি সিনেমা হল-মিরপুর চিড়িয়াখানা রোড-রাইনখোলা ক্রসিং-কমার্স কলেজ-প্রশিকা-চলন্তিকা মোড় হয়ে মিরপুর ১১-মিরপুর ১২ হয়ে আসা-যাওয়া করতে হবে।মিরপুর সনি সিনেমা হল হয়ে যেসব যানবাহন মিরপুর ১৪ নম্বরে যাবে, সেসব যানবাহন মিরপুর চিড়িয়াখানা রোড-রাইনখোলা ক্রসিং-কমার্স কলেজ-প্রশিকা-চলন্তিকা মোড়-১০-বেনারসি পল্লি, ২ নম্বর গেট-ঝুটপট্টি হয়ে ডানদিক দিয়ে হোপ/গ্লোরি ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুর ১৩ হয়ে আসা-যাওয়া করতে হবে। নির্দেশনা: পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, শুধু খেলোয়াড়দের বাস, আইসিসির দাপ্তরিক গাড়ি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির গাড়ি পাহারাসহ এবং ভিভিআইপি মোটরবহরের গাড়ি স্টেডিয়াম চত্বরে নির্ধারিত স্থানে পার্ক করতে পারবে। স্টেডিয়ামে আসা ভিআইপি দর্শকেরা উড়োজাহাজ ক্রসিং-বেগম রোকেয়া সরণি-মিরপুর ১০ নম্বর গোলচত্বর হয়ে স্টেডিয়ামে আসবেন। ভিআইপিরা মিরপুর টিঅ্যান্ডটি ক্রসিংয়ে নেমে স্টেডিয়ামে যাবেন এবং তাঁদের গাড়ি নির্ধারিত স্থানে পার্ক করবেন। সাধারণ দর্শকেরা হেঁটে ডাইভারশন পয়েন্টের কাছে নেমে স্টেডিয়ামে ঢুকবেন। রোকেয়া সরণি দিয়ে ভিআইপিরা আসা-যাওয়া করবেন বলে এ সড়ক কম ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ।দর্শকেরা যা পারবেন না: দর্শকেরা ক্যামেরা, ব্যানার, ফেস্টুন নিয়ে মাঠে যেতে পারবেন না। সিগারেট লাইটার, দিয়াশলাই, লেজার পয়েন্ট, বাঁশি, লাঠি, ছুরি, চাকু, খাবার, পানির বোতল, পানীয় ক্যান এবং যেকোনো ধরনের ফলমূলও সঙ্গে নেওয়া নিষেধ। স্টেডিয়ামে কাগজ পুড়িয়ে আনন্দ করা যাবে না। দালালের কাছ থেকে টিকিট না কেনার অনুরোধ করেছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার গতকাল সন্ধ্যায় মিরপুর স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন। টিকিট পাননি এমন দর্শকদের স্টেডিয়ামের আশপাশে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।