আজ গণহত্যার কালরাত
তখন মধ্যরাত। গভীর ঘুমে তলিয়ে আছে ঢাকা শহরের মানুষ। গাছে গাছে নতুন পাতা। শিমুল-পলাশে রঙিন প্রকৃতিতে বসন্তের নবপ্রাণের স্পন্দন। অথচ মৃত্যুই সে রাতে হয়ে উঠেছিল প্রধান। ঢাকা সেনানিবাস থেকে বেরিয়ে পড়া ট্যাংক আর সাঁজোয়া যানগুলো মৃত্যুদূত হয়ে পৌঁছে গেল ঘুমন্ত বাঙালির দরজায়। বর্বর পাকিস্তানি সেনারা মেতে উঠল হত্যার উন্মাদনায়। বারুদের গন্ধ, রক্তের স্রোত, আগুনের লেলিহান শিখা আর অসহায় নিরীহ মানুষের বুকভাঙা আর্তনাদে ভরে উঠেছিল আকাশ, ১৯৭১ সালের সেই রাতে। কালের পরিক্রমায় ফিরে এল দিনটি। আজ ২৫ মার্চ দিবাগত রাত স্মরণ করিয়ে দেবে মানবেতিহাসের সেই জঘন্যতম গণহত্যার স্মৃতি। বাঙালি এই রাতকে বলেছে তাদের ইতিহাসের ‘কালরাত’।পাকিস্তানি বর্বর সেনারা নিরস্ত্র নিরীহ বাঙালিদের গণহত্যার এই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। এতে অংশ নেওয়া ঘাতকেরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল (জহুরুল হক হল), জগন্নাথ হল ও রোকেয়া হলে। গোলা নিক্ষেপ করে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাসে। মাত্র কয়েক ঘণ্টায় তারা তিন শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষককে হত্যা করে। রেহাই পায়নি বস্তিবাসীও। পথের দুপাশের বস্তি ও ঘরবাড়িতে তারা আগুন জ্বালিয়ে দেয়। হত্যা চালায় নির্বিচারে।একই সঙ্গে ঘাতক পাকিস্তানি সাঁজোয়া বাহিনী আক্রমণ চালায় রাজারবাগ পুলিশ সদর দপ্তর ও পিলখানায় ইপিআর (বর্তমানে বর্ডার গার্ড) দপ্তরে। রাজারবাগে বীর পুলিশ সদস্যরা তাঁদের যৎসামান্য অস্ত্র নিয়ে হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। একই রকম প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন ইপিআরের সদস্যরা। তবে ট্যাংক-কামান-মেশিনগানে সজ্জিত পাকিস্তানি সেনাদের সামনে সেই প্রতিরোধ কার্যকর হয়নি। বুকের রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন তাঁরা।রক্তলোলুপ পাকিস্তানি সেনাবাহিনীর এই ভয়ংকর গণহত্যার সংবাদ রাতেই ছড়িয়ে পড়েছিল সারা শহরে এবং ক্রমান্বয়ে দেশের বিভিন্ন এলাকায়। সেই রাতেই পাকিস্তানি কমান্ডদের হাতে আটক হওয়ার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রাক্কালে বাঙালিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বর্বরেরা ভেবেছিল বিপুল রক্তের স্রোত, অগণন মানুষের মৃত্যু ভীত-সংকুচিত করে তুলবে নিরস্ত্র বাঙালিকে। কিন্তু আকস্মিক হামলার বিহ্বলতা ও হত্যার শোক কাটিয়ে উঠেছিল বাঙালি দ্রুতই। ধ্বংসস্তূপের ভেতর থেকেই ঘটেছিল নতুন শক্তির অভ্যুদয়। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, তেমনি করে যাঁর কাছে যা কিছু আছে তা-ই নিয়ে জীবনের মায়া তুচ্ছ করে এ দেশের বীর সন্তানেরা গড়ে তুলেছিলেন প্রতিরোধ। হত্যাকারীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সংগ্রামে। দীর্ঘ নয় মাসের সেই সংগ্রামের রক্তাক্ত পথ বেয়ে এল চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। হাতে এল সবুজের মাঝে লাল পতাকা। কণ্ঠে এল প্রাণ খুলে গাওয়ার গান ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’।কর্মসূচি: আজ কালরাত স্মরণে বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা এবং তাদের কলেজ কোডা ও স্কুল সোডা আজ সূর্যাস্তের পর থেকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে ২৬ মার্চ সূর্যোদয় পর্যন্ত সারা রাত পথচিত্র অঙ্কন, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি ও গণসংগীতের আয়োজন করেছে। জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। রাজারবাগ পুলিশ লাইনে বিকেল চারটায় হবে মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা। প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। রাত ১১টায় এখানে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করা হবে।