রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের শতবর্ষ পূর্তি হচ্ছে এ বছর। এ উপলক্ষে গীতাঞ্জলি কাব্যের গান নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। কথা হলো সংগঠনটির সভাপতি তপন মাহমুদ-এর সঙ্গে।আজকের অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে কিছু বলুন।১৯১২ সালে রবীন্দ্রনাথ তাঁর গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন। পরের বছর এই গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ। দুটি ঘটনাই খুব উল্লেখযোগ্য। আমরা গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে এই কাব্যগ্রন্থ থেকে গান করবেন এ প্রজন্মের একেবারেই নতুন শিল্পীরা।নতুনদের দিয়ে গান করানোর ব্যাপারে আগ্রহী হলেন কেন?আজ পুরো অনুষ্ঠানে ২২টি গান গাওয়া হবে। সব কটিই হবে একক কণ্ঠে। যাঁরা গানগুলো করবেন, তাঁরা খুব পরিচিত নন। কিন্তু আমরা বিশ্বাস করি, তাঁরা প্রত্যেকেই ভালো গান করেন। আর আস্তে আস্তে নতুনদের জন্য তো জায়গা ছেড়ে দিতে হবে।এ বছর আপনারা আর কী কী অনুষ্ঠানের পরিকল্পনা করছেন?রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মে মাসে পাঁচ দিনের উৎসব করব। এবার ২৭ মে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা গঠনের দুই যুগ পূর্তি হচ্ছে। ওই দিনটি আলাদাভাবে উদ্যাপন করার পরিকল্পনা হচ্ছে। এ ছাড়া বাইশে শ্রাবণ উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করব।বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কলিম শরাফীর স্মরণে কিছু করবেন?কলিম শরাফীর গাওয়া অপ্রকাশিত ২০টি গান পেয়েছি। এগুলো তিনি ১৯৮০ সালের দিকে নিজের বাসায় রেকর্ড করেছিলেন। আমরা কলিম শরাফীর যে গানগুলো শুনতে পাই, বেশির ভাগই তাঁর একটু বেশি বয়সে গাওয়া। সেদিক থেকে অপ্রকাশিত গানগুলো একেবারেই অন্য রকম। এখানে আমরা আরেকজন কলিম শরাফীকে খুঁজে পাব। মাস দুয়েকের মধ্যে এই গানগুলো নিয়ে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করছি।