আজ ঘটনাবহুল ৭ নভেম্বর
আজ ৭ নভেম্বর। ঘটনাবহুল এক দিন। ১৯৭৬ সাল থেকে দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ নামে জাতীয়ভাবে পালন করা হতো। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এই দিনে সরকারি ছুটি বাতিল ঘোষণা করে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই দিনের সরকারি ছুটি বাতিল করা হলেও বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসে আবারও তা বহাল করেছিল।দিনটি পালন উপলক্ষে বিরোধী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। আড়াই মাস পর ৩ নভেম্বর ফের শুরু হয় সেনাবাহিনীতে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ঘটনা। কারাগারে বন্দী অবস্থায় নিহত হন জাতীয় চার নেতা। এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ক্ষমতার পালাবদলের ধারাবাহিকতায় ৭ নভেম্বর অপর এক অভ্যুত্থানে মুক্ত হন জিয়াউর রহমান। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল এ টি এম হায়দারসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা সেদিন নিহত হন।এ উপলক্ষে বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এক বাণীতে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। তিনি বলেন, বর্তমানে আবারও আধিপত্যবাদী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় শিখণ্ডী বসিয়ে দিয়ে একের পর এক গোপন চুক্তি সম্পাদন করে গোটা দেশকে করায়ত্ত করতে চাইছে। তিনি মনে করেন, ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের অন্যতম শর্ত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং আধিপত্যবাদী আগ্রাসন প্রতিরোধ করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আলাদা এক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এক বিবৃতিতে কর্নেল তাহেরসহ সিপাহি জনতার অভ্যুত্থানের সংগঠক শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাঁরা বলেন, কর্নেল তাহেরসহ বিপ্লবী সেপাইরা জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করে নতুন জীবন দিলেও পরে তাহেরকে ফাঁসি দিয়ে জিয়া মীরজাফরের ভূমিকায় অবতীর্ণ হন।কর্মসূচি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের পক্ষ থেকে আজ সকাল ১০টায় জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে। জামায়াতে ইসলামী বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। জাসদ (ইনু) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা করবে।