আজ মঙ্গলবার ঢাকায় বিএনপির নেতৃত্বে চারদলীয় জোটের সমাবেশ। বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ শুরু হবে। দীর্ঘদিন পর এই সমাবেশের মধ্য দিয়ে চারদলীয় জোটের নেতারা এক মঞ্চে উঠছেন।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং সরকারের পদত্যাগের দাবিতে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।সমাবেশে জোটের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিসের শীর্ষনেতারা বক্তব্য দেবেন। এ ছাড়া বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ (এলডিপি) সমমনা আরও কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষনেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।সমাবেশ সফল করতে গতকাল সোমবার রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রচারপত্র বিতরণ করেছেন। এলিফ্যান্ট রোড এলাকায় প্রচারপত্র বিলি করার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার গণমাধ্যমকে বলেন, সরকার বিএনপির সমাবেশ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চায়। সমাবেশে বাধা দেওয়া হলে হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বিএনপি বাধ্য হবে।সমাবেশ সফল করতে বিএনপির পক্ষ থেকে এক সপ্তাহ ধরে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। এ জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ১৯ সেপ্টেম্বর পুুলিশের সঙ্গে সংঘর্ষের পর চার দলের শরিক জামায়াতের নেতা-কর্মীদের বড় একটা অংশ আত্মগোপন করেছে। এর মধ্যেও সমাবেশ সফল করতে দলটি কিছু প্রস্তুতি নিয়েছে বলে এর নেতারা দাবি করেন।বিএনপির নেতারা জানান, পল্টন ময়দানে অনুমতি না পাওয়ায় তাঁরা নয়াপল্টনের রাস্তায় সমাবেশ করতে বাধ্য হয়েছেন।যানজট হলে দায় সরকারের: সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল সকালে মহানগরের আহ্বায়ক ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিএনপির মহানগর শাখা এক সভা করেছে।সভা শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাদেক হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা পল্টন ময়দান ব্যবহারের জন্য চেয়েছিলাম, কিন্তু সরকার তা দেয়নি। তাই সড়কের ওপর সমাবেশ করার কারণে যে যানজটের সৃষ্টি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।’সাদেক হোসেন বলেন, এই সমাবেশ নয়াপল্টন থেকে নটর ডেম কলেজ, শান্তিনগর, কাকরাইল মোড় পর্যন্ত বিস্তৃত হবে। এ জন্য বড় পর্দায় বিভিন্ন স্থান থেকে খালেদা জিয়ার বক্তৃতা সরাসরি দেখানো হবে। তিনি খালেদা জিয়ার বক্তৃতা টেলিভিশনে সরাসরি প্রচারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।বাধা দেবে না পুলিশ: ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার আনোয়ার হোসেন ও রমনা অঞ্চলের উপকমিশনার কৃষ্ণপদ রায় গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুলিশ বিএনপির সমাবেশে কোনো বাধা দেবে না। তাদের মাইক ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। তবে মানুষের চলাচলের জন্য সড়কের এক পাশ খোলা রাখতে বিএনপিকে অনুরোধ করা হয়েছে।জামায়াতের প্রস্তুতি: দলীয় সূত্র জানায়, সমাবেশ সফল করতে জামায়াতের ঢাকা মহানগর কমিটি রোববার রাতে একটি প্রস্তুতি বৈঠক করে। দলের মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম, মাওলানা আবদুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল সমাবেশ প্রস্তুতিসংক্রান্ত বিভিন্ন কমিটির বৈঠক হয়েছে।দলের ঢাকা মহানগর কমিটির প্রচার সেক্রেটারি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সমাবেশের প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি, জামায়াত-ছাত্রশিবির ও আমাদের সহযোগী সংগঠনগুলো মিলে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাতে পারব।’সমাবেশে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ অংশ নেবেন বলে দলের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে।গতকাল এক বিবৃতিতে দলের ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি হামিদুর রহমান আযাদ আজকের সমাবেশ সফল করতে জামায়াত, ছাত্রশিবিরসহ সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।কর্মসূচি নিয়ে আলোচনা: বিএনপি সূত্রে জানা গেছে, সমাবেশ থেকে খালেদা জিয়া চারদলীয় জোটের কয়েক মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করতে পারেন।এদিকে সমাবেশে চেয়ারপারসনের বক্তব্য ও কর্মসূচি চূড়ান্ত করতে গতকাল রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন।দলীয় সূত্রগুলো জানায়, বৈঠকে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী অভিমুখে তিনটি রোডমার্চ, লংমার্চসহ দেশব্যাপী সভা-সমাবেশ-জনসংযোগ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ছাড়া জনসম্পৃক্ত দাবিদাওয়া ও আকস্মিকভাবে উদ্ভূত পরিস্থিতিতে হরতাল দেওয়ার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তৃতা নিয়েও আলোচনা হয়।