আজ শনিবার বিকেল চারটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে ‘চে সংহতি’র আয়োজনে অনুষ্ঠিত হবে কিউবা বিপ্লবের অন্যতম নেতা বিপ্লবী চে গুয়েভারার স্মরণ অনুষ্ঠান। এই আয়োজন নিয়ে কথা হলো চে সংহতির সংগঠক মাহমুদুজ্জামান বাবুর সঙ্গে। চে সংহতির এই আয়োজন শুরু করেছিলেন কবে?২০০৮ সালে প্রথম আমরা চে গুয়েভারার স্মরণ অনুষ্ঠানটি শুরু করেছিলাম। সেবার আমাদের গানের দল মৃত্তিকার পক্ষ থেকে চেকে নিয়ে একটি গান করেছিলাম। সেই গানটির অডিও এবং মিউজিক ভিডিও ওই বছরই সব কটি এফএম রেডিও এবং বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছিল। আমার জানা মতে, চেকে নিয়ে বাংলাদেশে ওই গানটিই প্রথম। এর পরের বছরও আমরা একইভাবে উন্মুক্ত অনুষ্ঠানটির আয়োজন করেছিলাম। এবারেরটি চে সংহতির তৃতীয় অনুষ্ঠান।এ ধরনের অনুষ্ঠান আয়োজনে আগ্রহী হলেন কেন?আমরা বিপ্লবী চে গুয়েভারার বিশাল সাহসটি বাংলাদেশের তরুণ যুবকদের মাঝে ছড়াতে চাই, নিজেরাও নিতে চাই। আর্জেন্টিনায় জন্ম নিয়ে চে বিপ্লব সম্পন্ন করার জন্য ছুটেছিলেন কিউবায়, ফিদেল কাস্ত্রোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিউবা বিপ্লবের পর আর একটি বিপ্লবের জন্য গিয়েছিলেন বলিভিয়ায়। সেখানেই তাঁকে হত্যা করে সিআইএর মদদপুষ্ট বলিভিয়ার সামরিক জান্তা সরকার। তাঁকে হত্যা করা হয় এ কারণে যে তিনি সব রকমের শোষণ ও নিপীড়ন থেকে মানুষের মুক্তি চেয়েছিলেন। মুক্তির আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন। আজ আমাদের চারপাশ অনাচারে অন্ধকারে ঢেকে যাচ্ছে। এই অন্ধকারে চের আত্মবলিদান পথনির্দেশিকা ধ্রুবতারা হতে পারে। আমরা সবাই পথ খুঁজছি।এবারের আয়োজনে কী কী থাকছে?চে সংহতির এবারের আয়োজনে চের লেখা থেকে পাঠ, আবৃত্তি ও গণসংগীত থাকছে। গান করবে গানের দল ‘মৃত্তিকা’, সজীব ও বন্ধুসভার গানের দল। আসাদুজ্জামান নূর এবং শিমুল মুস্তাফা আবৃত্তি করবেন। ‘চে সংহতি’র উদ্যোগে একটি পোস্টার প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানস্থলে খুব কম মূল্যে এটি বিক্রি হবে। বিনোদন প্রতিবেদক