আজ চ্যানেল আইয়ে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’
সম্প্রতি চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ আয়োজিত ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ শীর্ষক প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে চকোরিয়ায়। অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে আজ রাত নয়টা ৩৫ মিনিটে। তৃণমূল কৃষক পর্যায়ে প্রাক-বাজেট আলোচনায় কক্সবাজারের চকরিয়াসহ আশপাশের এলাকার কৃষকেরা লবণ চাষকে সরাসরি কৃষি খাতে নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁরা চিংড়ি চাষের ক্ষেত্রে সরাসরি প্রান্তিক কৃষকদের ভূমি ইজারা দেওয়ার দাবিও জানান। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।অনুষ্ঠানে শিল্পমন্ত্রী লবণচাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি দাবি পূরণের অংশ হিসাবে চলতি বছর এক লাখ মেট্রিক টন লবণ সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় এবং লবণ বোর্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, চকোরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকেরা এ আলোচনায় তামাক চাষের আগ্রাসন বন্ধ, ডিলারদের কাছ থেকে ন্যায্যমূল্যে সার পাওয়া, বিদ্যুতের লাগাতার লোডশেডিং বন্ধ, পোলট্রি খামারের সুবিধা নিশ্চিতকরণ, ডিম ও মুরগির ন্যায্য দাম নিশ্চিতকরণসহ আরও বেশ কিছু দাবি তুলেছেন।