আজ জাতীয় কবির ৩৫তম মৃত্যুবার্ষিকী
‘আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি। এ আমার অহংকার নয়, আত্মবিশ্বাসের আত্মোপলব্ধির চেতনালব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি।’ নিজের সম্পর্কে এই উক্তি করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। উচ্চকণ্ঠ, দ্রোহ-প্রেম, কোমল-কঠোরে বাংলা সাহিত্য-সংগীতে দিয়েছেন নতুনতর মাত্রা। আজ শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৫তম মৃত্যুবার্ষিকী। কবি ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে ইন্তেকাল করেন।আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করবে কবির স্মৃতি। ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধি চত্বর ভরে উঠবে অগণিত মানুষের নিবেদন করা ফুলে ফুলে।জাতীয় কবির চেতনা ও আদর্শ চিরভাস্বর হয়ে আছে আমাদের জীবনে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও তিনি কখনো আপস করেননি। মাথা নত করেননি লোভলালসা-খ্যাতি-অর্থবিত্তের বৈভবের কাছে। ‘চির উন্নত মম শীর’ বলে আজীবন সংগ্রাম করে গেছেন শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির জন্য। মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার, কূপমণ্ডূকতার বিরুদ্ধেও ছিলেন সোচ্চার। মুক্ত বুদ্ধি ও চিন্তার পক্ষে কলম ধরেছেন নির্ভীক চিত্তে।উপমহাদেশের স্বাধীনতা ও নবজাগরণের অন্যতম অগ্রনায়ক কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৪ মে) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। বাবা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। ১৯৭২ সালে তৎকালীন সরকার তাঁকে বাংলাদেশে নিয়ে আসে।কর্মসূচি: নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণীপেশার সংগঠন নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে: সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, শোক র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল ইনস্টিটিউট আজ বেলা ১১টায় ধানমন্ডিস্থ কবি ভবনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ সকালে শাহবাগ মোড় থেকে শোভাযাত্রা বের করবে।