আজ জাতীয় গণিত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় গণিত উৎসব-২০১৩ ও একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি উৎসবের আয়োজন করেছে। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস।কলম্বিয়ায় অনুষ্ঠেয় ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল বাছাই এবং দেশের শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। দল বাছাইয়ের জন্য আঞ্চলিক গণিত উৎসব গত বছরের ২৮ ডিসেম্বর কুমিল্লায় শুরু হয়। ১৭টি শহরে আয়োজিত আঞ্চলিক উৎসবে ২২ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। তাদের মধ্য থেকে বিজয়ী ৯৪৬ জন ও ২০১২ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৫৩তম আইএমওতে অংশ নেওয়া বাংলাদেশ গণিত দলের তিন সদস্যও জাতীয় উৎসবে অংশ নিচ্ছে।জাতীয় গণিত উৎসবে খুদে গণিতবিদদের উৎসাহ জোগাতে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, বিশিষ্ট গণিতবিদ খোদাদাদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ, আবদুল হাকিম খান, ফারসীম মান্নান মোহাম্মদী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিশিষ্ট বিজ্ঞানী ও বিজ্ঞান লেখক রেজাউর রহমান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম, বিশিষ্ট মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, আনিসুল হক, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ। আরও থাকবেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ, বিজ্ঞানীসহ দেশবরেণ্য ব্যক্তিত্বরা।আজ উৎসবের প্রথম দিন প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হবে উৎসবের মূল পর্ব একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকবে গণিত ও বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান, গণিত অলিম্পিয়াড, শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ব্যস্ত থাকবে উৎসব প্রাঙ্গণ। আগামীকাল শনিবার সকাল সাড়ে আটটায় উৎসব শুরু হয়ে একে একে গণিতের পট, গম্ভীরা, ভাষা ও দেশের গান ও তৃতীয় বাংলাদেশ রুবিসকিউব প্রতিযোগিতা এবং বেলা ১১টা থেকে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এ বছরের গণিত উৎসব। গণিত উৎসবে উপস্থিত থাকবেন আঞ্চলিক আয়োজকেরাও। আঞ্চলিক আয়োজকদের পুরস্কৃত করা ছাড়াও থাকবে ২০১২ সালের সেরা গণিত ক্লাবের পুরস্কার প্রদান। আঞ্চলিক গণিত উৎসবের সব বিজয়ীকে বিজয়ী সার্টিফিকেট ও লাল রঙের টি-শার্ট পরে আজ সকাল আটটায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে উপস্থিত থাকতে উৎসব আয়োজকদের পক্ষে অনুরোধ করা হয়েছে।