আজ জাতীয় প্রতিবন্ধী ও বিশ্ব অটিজম সচেতনতা দিবস
আজ শনিবার জাতীয় প্রতিবন্ধী ও বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটির প্রতিপাদ্য ‘অটিস্টিক ও প্রতিবন্ধী উন্নয়নে পণবন্দী’। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে ত্রয়োদশ জাতীয় প্রতিবন্ধী ও চতুর্থবারের মতো অটিজম সচেতনতা দিবস পালিত হবে।দিবসটি উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর, বঙ্গভবন, গণভবন, সুপ্রিম কোর্ট ভবনসহ নগরের গুরুত্বপূর্ণ সব ভবন ও বিভিন্ন সড়ক নীল বাতি দিয়ে সজ্জিত করা হয়েছে। আন্তর্জাতিক এই দিবসটির জন্য নীল বাতির আলোকসজ্জা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুর সংখ্যা বাড়ছে, যা পরিবার ও সমাজের জন্য উদ্বেগজনক। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রতিবন্ধীদেরও অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এ লক্ষ্যে সরকার মানসিক ও শারীরিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।সমাজকল্যাণ মন্ত্রণালয় আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।