আজ ডেইলি স্টারের স্বাধীনতা কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেইলি স্টার চার বছর ধরে আয়োজন করছে গান, চলচ্চিত্র আর আলোকচিত্র নিয়ে প্রতিযোগিতা ‘সেলিব্রিটিং লাইফ’। দেশের গান ও এই প্রতিযোগিতার নির্বাচিত সেরা গান নিয়ে আজ ডেইলি স্টার আয়োজন করেছে ‘সেলিব্রিটিং লাইফ স্বাধীনতা কনসার্ট’। সোহ্রাওয়ার্দী উদ্যানে কনসার্ট শুরু হবে বিকেল চারটায়। এখানে গান করবেন সুবীর নন্দী, আইয়ুব বাচ্চু, ফিডব্যাক, নকিব খান, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবীসহ আরও অনেকে। এই কনসার্টে অংশ নিতে গতকাল শুক্রবার কলকাতা থেকে ঢাকায় এসেছেন প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। তিনি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালন ও দেশাত্মবোধক গান নিয়ে কয়্যার করবেন আজ। তাঁর সঙ্গে এসেছেন ২৫ জন শিল্পী। গতকাল বিকেলে ডেইলি স্টার ভবনে তাঁরা মহড়ায় অংশ নেন। দেবজ্যোতি মিশ্র সম্প্রতি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা আয়োজিত রবীন্দ্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের গান’ পরিচালনা করেন।কনসার্টে বিভিন্ন সময় মঞ্চে আসবেন সেলিনা হোসেন, মোহাম্মদ রফিকুজ্জামান, আলী যাকের, আসাদুজ্জামান নূর, নাসির উদ্দীন ইউসুফ ও মাহফুজ আনাম।পাঁচ ঘণ্টার এই কনসার্ট সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি ও এবিসি রেডিও। এই আয়োজনে সহযোগিতা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।