আজ তুমি নেই
গত বছরের ২৫ ফেব্রুয়ারি হঠাত্ এক অশুভ ঝড়ের তাণ্ডবে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৯টি পরিবার এভাবে অভিভাবকহীন হয়ে পড়ে। তরতাজা প্রাণগুলো ইতিহাসের পাতায় চলেগেল চিরদিনের জন্য।এ ব্যথা শুধু স্বজনহারা ওই সব পরিবারের স্ত্রী, সন্তান ও পিতা-মাতারাই উপলব্ধি করতে পারবেন। আমি জানি, আজকে আমি এলোমেলোভাবে যা লিখছি বাকি ৫৮টি পরিবারের কথাও ঠিক এ রকমই।আমি ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে শহীদ কর্নেল কুদরত ইলাহী রহমান শফিক (মামুন)-এর স্ত্রী। কী অপরাধে সেনা কর্মকর্তাদের এই পরিণতি হলো আর আজ আমাদের কী হবে, এর জবাব কে দেবে?অনেক কিছু করতে ইচ্ছে করে, লিখতে ইচ্ছে করে। কিন্তু যখনই শুরু করতে যাই, তখনই বুকের ভেতরটা কেঁপে ওঠে। মনে হয়, এই দুটো হাত দিয়ে তো আমার সুন্দর সুন্দর রান্নার রেসিপি লেখার কথা ছিল। যে মানুষ এ হাতের শক্তি জুগিয়েছিল, দলিত-মথিত হূদয়ে আজ সেই হাতেই তাকে নিয়ে কষ্টের কথা লিখব, এটা কোনো দিন স্বপ্নেও ভাবিনি। আজ যে কষ্টের পাহাড় বয়ে বেড়াতে হচ্ছে, সে যন্ত্রণা হূদয়ের গহিনে পুষে রাখতে হচ্ছে, তা পৃথিবীর আর কাউকে করতে হয় কি না আমি জানি না। এর চেয়ে বেশি কষ্ট কারও আছে কি না জানি না। কিন্তু কোথায় সেই আমার অতি আপনজন, যাকে আমি আমার না-বলা কথা বলব? ও বলত, ‘যুবা বয়সের মৃত্যুটা অনেক সুন্দর। বৃদ্ধ অবস্থায় মারা গেলে তুমি যখন কারও স্মৃতিচারণা করবে বা মনে করবে তখন কিন্তু তার শেষ বয়সের চেহারাটাই তোমার চোখে ভাসবে। কিন্তু যুবা বয়সে মারা গেলে তুমি যখন তাকে ভাববে তখন তার সুন্দর চেহারাটাই তোমার মনে পড়বে, এটা কি ভালো নয়?’কথাগুলো যে দুই মাসের মধ্যে সত্য হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। বিয়ের পর থেকেই কেন জানি না বিডিআরের প্রতি একটা ভীতি ছিল। যখনই বদলির সময় হতো, তখনই এ ভয়টা কাজ করত। ও বলত, ভয় করে কী হবে? শেষবার বলেছিলাম, সেও ২০০৮ সালের নভেম্বর মাসে। শহীদ কর্নেল মসিউর ভাইয়ের বাসায়। তিনি ছিলেন ইলাহীর ক্যাডেট কলেজের সহপাঠী। তখন মসিউর ভাইয়ের পোস্টিং ছিল ঢাকা পিলখানায়। একদিন ব্যাচমেটদের দাওয়াত করলেন পিলখানায়। সারা দিন আড্ডা মেরে ফিরে আসার সময় হঠাত্ মসিউর ভাই বলে উঠলেন ‘ইলাহী, তোর কোর্স তো প্রায় শেষ। তোর বিডিআরে পোস্টিং হলে মজা হবে।’ ও তখন এনডিসি করছিল। আমি তখন খুব মন খারাপ করে বললাম, ‘না, না ভাই, আমি দোয়া করি ওর যেন ওখানে পোস্টিং না হয়।’ সঙ্গে সঙ্গে ইলাহী আমাকে একটু ইশারা করল, আমি চুপ হয়ে গেলাম। গাড়িতে বসে ও আমাকে বলল, ‘তোমার কী হয়েছে বলো তো? এত বোকা হয়ে যাচ্ছ কেন? তুমি যে তার সামনেই এভাবে বললে, সে কী ভাবল? তার নিশ্চয়ই খারাপ লাগবে। যেহেতু সে বিডিআরে আছে। হয়তো সে অবাক হবে, ভাবি এ রকম কথা বলছে কেন?’ আমি ওকে সরি বললাম এবং বললাম, আর কখনো বলব না।সেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। জীবনে প্রথম, মানে চাকরির ২৬ বছর পর প্রথমবারের মতো পোস্টিং হলো বিডিআরে,দিনাজপুরে সেক্টর কমান্ডার হিসেবে। এ ঘটনার মাস খানেক আগে। জানুয়ারি মাসে। মাঝেমধ্যে আমার মনে হয়, ওকে কফিনের ভেতর থেকে তুলে এনে বলি—দেখো, আমি কেন ভয় পেতাম।বসনিয়া মিশনে আমি পুরো সময়টাতেই ছিলাম ওর সঙ্গে। মোটামুটি ইউরোপ ঘুরে দেশে ফিরে দুই লাখ টাকাও ছিল না; একটা গাড়ি কেনা তো দূরের কথা। এ জন্য প্রায়ই আমি দুঃখ করে বলতাম, কেন এত বিদেশে ঘুরলাম। তা না হলে তো একটা গাড়ি কিনতে পারতাম। তখন ও বলত, একটা সময় আসবে তখন হয়তো আমাদের অনেক টাকা হবে। কিন্তু এই যে এ বয়সে মজা করে ঘুরছ, এ মজাটা থাকবে না, এ মনটাও হয়তো থাকবে না। তাই এত হিসাব না করে যখন যেটা ভালো লাগবে, তখন সেটাই করবে।২৩ বছরের সংসারজীবনে আমি তাকে নিজের জন্য কোনো দিন কিছুই করতে দেখিনি। সে সব সময় ছিল অন্যের জন্য নিবেদিতপ্রাণ। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব যখই কেউ বিপদে পড়েছে, সবারই তখন মনে হতো একজনই আছে, যার প্রতি আস্থা রাখা যায়। ওর ধ্যান ধারণা, চিন্তায় সব সময় ছিল তার সৈনিক, তার ইউনিট, তার অফিসার জীবন। কীভাবে ইউনিটের আরও বেশি উন্নত করা যায়, কীভাবে সৈনিকদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়, কীভাবে কনিষ্ঠ/জ্যেষ্ঠ অফিসারদের সাহায্য করা যায়। আমার মনে হয়, এ কথাগুলো আমার চেয়ে অফিসাররাই ভালো বলতে পারবেন। অন্যের সমস্যাকে নিজের পরিবারের সমস্যা মনে করত। চেষ্টা করত সেটা সমাধান করতে। এই ভাগ্যটাকে কেন জানি বিশ্বাস করতে ইচ্ছে করে না। মনে হয়, এ যেন একটা দুঃস্বপ্ন। কখনো হয়তো বা হঠাত্ দরজা খুলে দেখব ও দাঁড়িয়ে আছে। ছুটি নিয়ে এসেছে না জানিয়ে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই প্রথম এত দিন ধরে ওর সঙ্গে দেখা হয় না, কথা হয় না। অনেক দিন হলো ওকে দেখি না। খুব দেখতে ইচ্ছে করে, খুব কথা বলতে ইচ্ছে করে। ওর কফিনের ওপর যে সবুজ পতাকাটা দেওয়া হয়েছিল, প্রতি রাতে সেটাকে বুকে চেপে ধরে ঘুমোতে চেষ্টা করি। ওকে অনুভব করতে চেষ্টা করি। রাস্তায় হাঁটার সময় পাশে হঠাত্ করে কোনো আর্মির স্টাফ কার, জিপ যা-ই দেখি তাকিয়ে থাকি। একই গাড়ি, একই ড্রাইভার, শুধু মানুষগুলো অন্য।একসময় পয়লা বৈশাখ, ষোলোই ডিসেম্বর, ছাব্বিশে মার্চ, একুশে ফেব্রুয়ারি, কত কিছু করতাম আমরা। সেই লেডিস ক্লাব, সেই রাত জেগে ওর আমার পাণ্ডুলিপি লেখা, মঞ্চ তৈরি করা, কত কষ্ট আর টেনশন ছিল সেই সময়গুলো। তার পরও কত যে আনন্দ ছিল; বিশেষ করে ওর ভরাট কণ্ঠে সেই কবিতা আবৃত্তি, আমার সেই গান—সবই মুছে গেল স্মৃতির পাতা থেকে। তোমার মনে পড়ে? মালয়েশিয়ায় স্টাফ কোর্স করার সময় তোমার ডেঙ্গু হয়েছিল। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, ১৯টা স্যালাইনও লেগেছিল। তুমি জিদ ধরলে, আমাকে আর বাবুকে ছাড়া তুমি অসুস্থ অবস্থায়ও এক মুহূর্তও থাকতে পারবে না। শেষ পর্যন্ত আমাদের দুজনকে রোগী বানিয়ে হাসপাতালে ভর্তি করালে। এখন সেই তুমি কীভাবে আমাদের ছেড়ে ওখানে আছো? আইবিএ থেকে ও যখন এমবিএ শেষ করে ভালো ফল করলে, তখন বিভিন্ন কোম্পানি থেকে চাকরির প্রস্তাব আসতে লাগল। তখন ও বলেছিল, যত দিন বেঁচে থাকব, সেনাবাহিনীতেই থাকব।স্কুলে এক সেমিস্টার ছুটিও নিয়েছিলাম ছয় মাস ওর সঙ্গে দিনাজপুর গিয়ে থাকব বলে। চাকরিজীবনে এই প্রথম ছুটি নিয়েছিলাম ওর সঙ্গে ২৬ ফেব্রুয়ারি যাব বলে। সুটকেস, ব্যাগ সবই গোছানো ছিল। কিন্তু কীভাবে আমাকে না বলে আগের দিনই চলে গেল ও? কখনো কি ভেবেছিলাম, সকাল ছয়টা ৪৫ মিনিটে স্কুলের উদ্দেশে বের হয়েছি, সেটাই শেষ দেখা ও শেষ কথা হবে?পাঠক, একবার ভাবুন আমাদের চেয়ারটাতে বসে, চোখ বুজে, বুকে হাত দিয়ে বলুন তো পরবর্তী আধ ঘণ্টা পর থেকে বা এক দিন পর থেকে আপনি আপনার সবচেয়ে প্রিয় মানুষটিকে আর এক দিনের জন্যও দেখতে পাবেন না। তাহলে আপনার বুকের ভেতরটা কেমন করে? যদি আপনার বুকের মধ্যেও কিছু একটা হয়, তাহলে হয়তো বা আমাদের কষ্ট কিছুটা হলেও বুঝতে পারবেন—কীভাবে কাটছে আমাদের দিনগুলো, কীভাবে বয়ে যাচ্ছি পাহাড়ের মতো রাতগুলো, কীভাবে কাটছে স্বামী ছাড়া আমাদের সংসারজীবন; যা বছরের পর বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছিলাম আমরা। এখনো এমন কাউকে খুঁজে পাইনি, যার কাছ থেকে অন্তত এটুকু জানতে পারব, কী হয়েছিল সেদিন? কেন হয়েছিল? কী দোষ করেছিল ওরা? কেন আমরা এত কষ্ট পাচ্ছি? এসব প্রশ্নের উত্তর কে দেবে? আমাদের হাহাকার কে থামাবে? ২৫ ফেব্রুয়ারি অনেক আসবে, প্রতিবছরই আসবে। কিন্তু আমাদের সেই পরিবারগুলোর মধুর স্মৃতি তো আমরা ফিরে পাব না। আমাদের প্রিয় মানুষগুলোকে ফিরে পাব না। এখন অনেক জুনিয়র অফিসার ভাইয়েরা বলে, ভাবি, কখনো কোনো কাজে লাগলে বলবেন, খুশি হব। অবসরপ্রাপ্ত কোর্সমেটরা বলেন, ভাবি, এ পর্যন্ত আপনার কোনো উপকারেই আসতে পারলাম না? সিনিয়র ভাইয়েরা বলেন—মিসেস ইলাহী, এ পর্যন্ত আপনি কোনো কথাই বলেননি। আপনার কি বলার কিছু নেই?কী বলব আমি? বাকি পরিবারগুলোর হাহাকার তো দেখেছেন আপনারা। বলছে তারা তাদের কষ্টের কথা। এটাই কি যথেষ্ট নয়?লবী রহমান: অনুষ্ঠান পরিচালক, এটিএন বাংলা