আজ সোমবার থেকে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ছয় ঘণ্টা করে সারা দেশের সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও গৃহস্থালি পর্যায়ে গ্যাসের চাপ বাড়ানোর জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রমজান মাসের পরও এ ব্যবস্থা বহাল থাকতে পারে বলে একটি সূত্র জানায়।পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানার পরই তা কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সরকারি-বেসরকারি সূত্র জানায়, সিএনজি স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখলে সাধারণ হিসাবে সেখান থেকে ব্যবহূত মোট গ্যাসের এক-চতুর্থাংশ অর্থাৎ আড়াই কোটি ঘনফুটের মতো সাশ্রয় হতে পারে। কিন্তু ছয় ঘণ্টা বন্ধ রাখার কারণে গ্রাহকেরা অন্য সময়ে গ্যাস নিয়ে রাখার চেষ্টা করবেন। কাজেই সাশ্রয়ের পরিমাণ দেড় থেকে দুই কোটি ঘনফুটের বেশি হবে না। এটুকু গ্যাস বিদ্যুৎ উৎপাদন বা গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য সরবরাহ করে তেমন সুফল পাওয়া যাবে বলে তাঁরা মনে করেন না। সূত্রগুলোর দেওয়া হিসাবে দেশের ৫৫৬টি সিএনজি স্টেশনে প্রতিদিন ব্যবহূত মোট গ্যাসের পরিমাণ সাড়ে ১০ কোটি ঘনফুট, যা বর্তমানে উৎপাদিত মোট গ্যাসের (প্রায় ২০০ কোটি ঘনফুট) দুই শতাংশের মতো।এ বিষয়ে পেট্রোবাংলা ও তিতাস গ্যাসের সূত্রগুলো জানায়, তাদের হিসাবে সাশ্রয় হওয়া গ্যাসের পরিমাণ অত কম হবে না। তা ছাড়া, সিএনজি স্টেশনগুলোয় সরবরাহ বন্ধ থাকার ফলে লাইনে গ্যাসের চাপ বাড়বে, যা গৃহস্থালি পর্যায়ের গ্রাহকদের বিশেষ উপকারে আসবে।তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘শিল্প, বাণিজ্য, সার, বিদ্যুৎ সব গ্রাহককেই গ্যাসের লোড ব্যবস্থাপনার মধ্যে আনা হয়েছে আগেই। এখন সিএনজি স্টেশনকেও আনা হলো।’ তবে সিএনজি স্টেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিদিন সর্বোচ্চ চাহিদার সময় (বিকেল তিনটা থেকে রাত নয়টা) স্টেশন বন্ধ রাখা হলে বিক্রি অনেক কমে যাবে। ফলে অনেক মালিকের পক্ষেই ব্যাংক ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। দেউলিয়াও হয়ে যেতে পারেন অনেকে। তবে রমজান মাসে বন্ধ রাখার সিদ্ধান্ত তাঁরা মানবেন। এর পরও বন্ধ রাখা হলে তাঁরা ধর্মঘটের কর্মসূচি দেবেন। গ্যাসের ঘাটতি পুরোনো সমস্যা—মন্তব্য করে অন্য কয়েকজন নেতা জানান, গত দুই-তিন বছরেও ঘাটতি পূরণ করতে পারেনি পেট্রোবাংলা। তাঁরা বলেন, উৎপাদন বাড়ানোর কার্যকর পদক্ষেপ না নিয়ে ব্যবহার কমানোর চিন্তা কোনো কাজের কথা নয়। এটা আর বেশি দিন মেনে নেওয়া যাবে না।গত বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সিএনজি স্টেশন বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রমজান মাসে বিদ্যুৎসংকট সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য বিভিন্ন উপায়ে উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে সরকার।