আজ থেকে দুধ সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিরাজগঞ্জের মিল্ক ভিটার সমবায়ীদের বেঁধে দেওয়া সময়সীমা আজ বৃহস্পতিবার ভোর ছয়টায় শেষ হয়েছে। কিন্তু দাবি পূরণ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে দুধ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সমবায়ীরা। এ জন্য গতকাল বুধবার আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রচারপত্র বিলি করা হয়।গত সোমবার সিরাজগঞ্জের বাঘাবাড়ী এলাকায় মিল্ক ভিটা কারখানার গেটে সমবায়ীদের প্রতিবাদ সমাবেশ থেকে মিল্ক ভিটার মহাব্যবস্থাপককে অপসারণ, সমবায়ীদের দুধের মূল্য বৃদ্ধি ও মিল্ক ভিটা সমবায়ী ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তুলে ধরা হয়। দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। সমাবেশে হুমকি দেওয়া হয়, এই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে আজ থেকে সমবায়ীরা মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দেবেন।সে অনুযায়ী দাবি পূরণ না হওয়ায় আন্দোলনকারীদের পক্ষ থেকে গতকাল বাঘাবাড়ী, ভাঙ্গুড়া ও মোহনপুর এলাকার সব প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের কাছে দুধ সরবরাহ না করার আহ্বান জানিয়ে প্রচারপত্র পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘ঘোষণানুযায়ী ২ সেপ্টেম্বর সকাল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত মিল্ক ভিটাতে দুগ্ধ সরবরাহ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। একই সঙ্গে মিল্ক ভিটার কোনো কর্মকর্তার আহ্বানে সহযোগিতা না করার জন্য বলা হইল।’সিরাজগঞ্জের বাঘাবাড়ী ও মোহনপুর এবং পাবনার ভাঙ্গুড়া দুগ্ধ ক্রয়কেন্দ্রের মাধ্যমে ওই অঞ্চল থেকে প্রায় দেড় লাখ লিটার দুধ সংগ্রহ করে মিল্ক ভিটা, যা তাদের মোট সংগ্রহের প্রায় ৯০ শতাংশ।প্রচারপত্র পাওয়ার কথা স্বীকার করে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কুটির পাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মো. আবদুস সাত্তার বলেন, ‘মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ রাখার জন্য পত্রে উল্লেখ করা হয়েছে। সমবায়ীদের সিদ্ধান্ত আমরা মেনে চলছি।’মিল্ক ভিটার এক কর্মকর্তা জানান, বাঘাবাড়ী, ভাঙ্গুড়া ও মোহনপুর—এই তিনটি দুগ্ধ ক্রয়কেন্দ্র ছাড়া অন্যান্য এলাকা থেকে দুধ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য আলোচনা চলছে। ওই সব এলাকার সমবায়ীরা দুধ সরবরাহ করবেন বলে আশ্বাস দিয়েছেন। সমবায়ীদের দাবি অনুযায়ী, দুধের মূল্য বৃদ্ধিসহ সম্ভাব্য নির্বাচনের তারিখও নির্ধারণ করা হয়েছে। অচিরেই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।সার্বিক বিষয়ে মিল্ক ভিটার মহাব্যবস্থাপক মো. নাসিম আহমেদ জানান, দুধের মূল্য বৃদ্ধি এবং নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব মিল্ক ভিটার পরিচালনা পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।নিজের অপসারণের বিষয়ে মহাব্যবস্থাপক বলেন, ‘প্রতিষ্ঠানের এবং সমবায়ীদের বিরুদ্ধে এমন কোনো ক্ষতিকর কাজ আমি করিনি যে আমাকে অপসারণ করতে হবে। বরং ১১ মাস দায়িত্ব পালনের সময় মিল্ক ভিটাকে দ্বিগুণ লাভজনক অবস্থায় নিয়ে এসেছি। কোনো দুর্নীতিবাজ ব্যক্তি এসে মিল্ক ভিটায় দুর্নীতি করতে পারেনি। আমাকে কেন অপসারিত হতে হবে। প্রতিষ্ঠানের উন্নয়ন করা যদি অপরাধ হয়, তা হলে অপসারণ করার সিদ্ধান্ত আমি মেনে নেব।’