বছরের প্রথম কার্যদিবসে আজ শনিবার থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে। এরই মধ্যে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই পৌঁছে গেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এ বছর প্রথমবারের মতো মাধ্যমিক শিক্ষার্থীদেরও বিনামূল্যে বই দিচ্ছে সরকার।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কাজের উদ্বোধন করেছেন। আজ শনিবার রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই উদ্যোগ নেওয়ায় সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সরকারকে অভিনন্দন জানিয়েছে।শিক্ষামন্ত্রী গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বলেছেন, এ বছর প্রথমবারের মতো শিক্ষাবর্ষের প্রথম কার্যদিবস থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে দেশের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যবই পৌঁছে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকও অনুষ্ঠানে বক্তব্য দেন।মাধ্যমিক শিক্ষক সমিতির অভিনন্দন: প্রথম বছরে সুষ্ঠুভাবে মাধ্যমিকের বই বিতরণ করায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলে অনুষ্ঠিত এক সভায় এই অভিনন্দন জানানো হয়। তারা যত শিগগির সম্ভব মাধ্যমিক পর্যায়ের সরকারি সহকারী শিক্ষকদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি জানায়।সমিতির সভাপতি সামসুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ইনছান আলী, গৌড়চন্দ্র মণ্ডল, কাদের ভূঞা, জালাল উদ্দিন সরকার, মনোয়ারুল ইকবাল, সুভাষ গোলদার প্রমুখ।