আজ থেকে বিডিআর হল বিজিবি
বাংলাদেশ রাইফেলস-বিডিআর আজ রোববার থেকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানায় আনুষ্ঠানিকভাবে নতুন নামে বাহিনীর পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ঘটনাকে পুঁজি করে একটি মহল দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছিল। সে দিন আমাদের সিদ্ধান্ত নিতে সামান্য ভুল হলে সারা দেশে লাশের স্তূপ পড়ে যেত। সর্বত্র শোকের হাহাকার শোনা যেত।’গত বছরের ৮ ডিসেম্বর ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল, ২০১০’ জাতীয় সংসদে পাস হয়। গেজেট প্রকাশিত হয় ২৬ ডিসেম্বর। ওই বছরের পয়লা মার্চ এ সংক্রান্ত খসড়া আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ১২ জুলাই মন্ত্রিসভা কমিটি খসড়া অনুমোদন করে। বিডিআর কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর পাতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে পুরো বিডিআর বাহিনীর নাম ও লোগো বদলে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নামে বাহিনীর সব স্থাপনা ও অঙ্গ প্রতিষ্ঠানগুলোর নামকরণ হবে। বিডিআর বিদ্রোহের পর আজই প্রথম প্রধানমন্ত্রী পিলখানায় এলেন। পিলখানায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, সরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম তাঁকে স্বাগত জানান।