বাংলাদেশি শিল্পীদের দিয়ে গীতবিতানের সব কটি গান গাওয়ানোর উদ্যোগ নিয়েছে সুরের ধারা। এই অ্যালবামের নাম শ্রুতি গীতবিতান। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে হচ্ছে তিন দিনব্যাপী উৎসব ‘রবীন্দ্র উৎসব: সুরের ধারা’। এই আয়োজনের সঙ্গে আছে প্রথম আলো ও চ্যানেল আই। ২৯ ডিসেম্বর বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ‘সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের গান’—এক হাজারজন শিল্পীর এক ঘণ্টার পরিবেশনা। আজ বুধবার থেকে শুরু হচ্ছে আয়োজনের মূল মহড়া। মহড়াটি পরিচালনা করছেন হিমাদ্রি শেখর তালুকদার। কথা হলো তাঁর সঙ্গে।‘সহস্র কণ্ঠে রবীন্দ্রনাথের গান’ আয়োজনে কোন গানগুলো গাওয়া হবে?গীতবিতানের ‘প্রথম যুগের উদয়দিগঙ্গনে’, ‘আগুনের পরশমণি’, ‘আকাশভরা সূর্য-তারা’, ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘দুই হাতে—কালের মন্দিরা’, ‘ওহে দয়াময়’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’, ‘ওই মহামানব আসে’, ‘ও আমার দেশের মাটি’, ‘কান্নাহাসির দোল-দোলানো’, ‘প্রথম আদি তব শক্তি’ গানগুলো।এক হাজার শিল্পীর সবাই কি আজ থেকে মহড়া করবেন?আজ ঢাকার বিভিন্ন সংগঠন, গানের স্কুল, ইংরেজি মাধ্যমের স্কুল এবং শ্রুতি গীতবিতানের শিল্পীরা অংশ নেবেন। আশা করছি, আজ থেকে মহড়ায় ৫০০ জন অংশ নেবেন। ঢাকার বাইরের বিভিন্ন জেলার সংগঠন ও শিল্পীরা অংশ নেবেন ২৬ ডিসেম্বর থেকে। কয়েকটি দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক বাদ্যযন্ত্রশিল্পী আসছেন। তাঁরাও ২৬ ডিসেম্বর থেকেই অংশ নেবেন।এই মহড়া কোথায় করছেন?লালমাটিয়া মহিলা কলেজের মিলনায়তনে। প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মহড়া হচ্ছে। প্রাথমিক মহড়া অনেক আগেই শুরু হয়ে গেছে।পুরো মহড়া আপনি একাই পরিচালনা করছেন?বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘সহস্র কণ্ঠের গান’ আয়োজনটি পরিচালনা করবেন কলকাতার সংগীত আয়োজক দেবজ্যোতি মিশ্র। তিনি ২৬ ডিসেম্বর দায়িত্ব নেবেন। এর আগে পুরো মহড়াটি পরিচালনার জন্য রেজওয়ানা চৌধুরী বন্যা আমাকে দায়িত্ব দিয়েছেন। এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। সহযোগিতা করছেন পীযূষ বড়ুয়া।শিল্পীরা সবাই বিভিন্ন সংগঠন ও স্কুল থেকে আসছেন। তাঁদের সবাইকে সমন্বয় করতে কোনো ঝামেলা হচ্ছে?এই আয়োজনের উদ্যোগটা সুরের ধারা এবং বন্যাদির। কিন্তু সবাই যখন একসঙ্গে বসছি, তখন মনে হচ্ছে এটা সবার অনুষ্ঠান। সবার মাঝেই এই ব্যাপারটা কাজ করছে।