আজ থেকে সিয়াম সাধনা শুরু
সিয়াম সাধনার মাস পবিত্র রমজান আজ শনিবার থেকে শুরু হচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশের বিভিন্ন এলাকায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে আজ থেকে রমজান মাস গণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। রমজান মাসের চাঁদ দেখার পর রাতে এশার নামাজ শেষে মসজিদে মসজিদে তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। এরপর শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখেন।চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১৫ আগস্ট বুধবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে বৈঠকে ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা হারুন অর রশীদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। এই মাসে ইবাদত-বন্দেগির মাধ্যমে দেহ ও মনের জাকাত আদায় হয়।প্রধানমন্ত্রী তাঁর বাণীতে পবিত্র রমজান মাসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলা ও পারস্পরিক সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন তাঁর বাণীতে রমজানের শিক্ষা অন্যায়, জুলুম, অবিচার, লোভ-লালসাসহ সব ধরনের পাপ থেকে বিরত থেকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে ব্রতী হওয়ার আহ্বান জানান।