আজ থেকে হিজবুল্লাহর বিক্ষোভ
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন লেবাননের কট্টর ইসলামপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা শেখ হাসান নাসরাল্লাহ। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।হিজবুল্লাহর নিজস্ব টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত বিবৃতিতে শেখ নাসরাল্লাহ এ সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেন। আজ বিকেলে দক্ষিণাঞ্চলীয় বৈরুত উপকণ্ঠে তাঁদের প্রথম বিক্ষোভ হবে। এলাকাটি হিজবুল্লাহর সবচেয়ে শক্ত ঘাঁটি বলে পরিচিত।নাসরাল্লাহ বলেন, ‘বিশ্ববাসীর জানা প্রয়োজন যে এ ধরনের অপমানের মুখে মুসলমানরা কখনোই নিশ্চুপ থাকবে না।’ এই বিক্ষোভ শুরু করার আগে পোপ বেনেডিক্টের তিন দিনের লেবানন সফর শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।এর আগে যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের প্রতিবাদে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে বিক্ষোভ হয়। সেখানে বিক্ষোভকারীদের অধিকাংশই ছিল শিয়া-অধ্যুষিত মুসলমান। এ ছাড়া গতকাল রোববার পর্যন্ত বিভিন্ন দেশের মার্কিন দূতাবাস ও উপ-দূতাবাসে বিক্ষোভ অব্যাহত ছিল। গতকাল পাকিস্তানে বিক্ষোভ চলাকালে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন মারা গেছেন।