ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বৃহস্পতিবার থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ১০ নভেম্বর পর্যন্ত তা বন্ধ থাকবে। আগরতলা সীমান্তের শূন্য রেখা থেকে ৪০০ মিটার পর্যন্ত সড়ক সংস্কারকাজের জন্য কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।গতকাল বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা থাকলেও দুই দেশের ব্যবসায়ীদের সমঝোতায় মাছ, পাথর, তুলাসহ কিছু পণ্য রপ্তানি হয়েছে।স্থলবন্দরের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা শুল্ক দপ্তর এক চিঠিতে গতকাল বুধবার সকাল থেকে ১০ নভেম্বর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানায়। তবে যখন চিঠি পৌঁছে তখনো বন্দরে রপ্তানি পণ্যবাহী কিছু ট্রাক থেকে যায়। যা সময়ের অভাবে সেদিন রপ্তানি করা যায়নি। পরে দুই দেশের সমঝোতার ভিত্তিতে গতকাল আটকে থাকা ট্রাকগুলোর পণ্য রপ্তানি করা হয়।এ বন্দর দিয়ে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে প্রতিদিন শতাধিক ট্রাক দিয়ে পণ্য রপ্তানি হয়। যা থেকে দিনে ৮০ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আয় হয়। আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরী বন্দর দিয়ে আজ আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। আগরতলা আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনিষ বিশ্বাস আখাউড়া স্থলবন্দর সীমান্তের শূন্য রেখায় গতকাল প্রথম আলোকে জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আগরতলা সফরে আসছেন। এ উপলক্ষে রাজ্যের পূর্ত দপ্তর স্থলবন্দর থেকে ৪০০ মিটার রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছে।