আজ থেকে ‘লালন শাহ বটতলা সাধুসঙ্গ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান মাতবরবাড়ি দোসরপাড়া-টেকেরহাটে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘লালন শাহ বটতলা সাধুসঙ্গ ১৪১৮’। আজ শুরু হচ্ছে এই সাধুসঙ্গ। এখানে লালন-জীবনী, সাধনাবিষয়ক বয়ান ও লালনগীতি পরিবেশন করবেন কুষ্টিয়া, মেহেরপুর, মুন্সিগঞ্জ, ঢাকাসহ দেশের নানা অঞ্চলের লালন-সাধক ও ভক্ত-অনুসারীরা। এবার লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশের বাইরের সাধু-গুরুরাও। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় সাধু-গুরুদের আসন গ্রহণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর পর্যায়ক্রমে সাধুসঙ্গের নামকরণ, কার্যাবলি ও বিধিবিধান জ্ঞাপন, ফকির লালন সাঁইজির জীবলীলা স্মরণ, গুরুকর্ম, সমবেত কণ্ঠে গুরুদৈন্য, দীন ডাকা ও চা-মুড়ি সেবা, হালকা নাশতা, দৈন্যগানের পর রাত সাড়ে আটটায় শুরু হবে শিল্পীদের পরিবেশনায় লালনগীতির মূল আসর। চলবে ভোর পর্যন্ত। কাল শনিবার গোষ্ঠগান, গুরুকর্ম, বাল্যসেবা, লালনগীতি, পূর্ণসেবার পর সন্ধ্যায় শুরু হবে দ্বিতীয় রাতের লালনগীতির মূল আসর। এ আসরের মাধ্যমেই শেষ হবে লালন শাহ বটতলা সাধুসঙ্গ।