আজ থেকেই আসল লড়াই
‘গ্রুপ অব ডেথ’? অতি ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া একটি কথা। শুনলে লোকে এখন আর খুব বেশি চমকায় না। ব্যতিক্রম হয়ে এল যেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আলাদা করে ‘গ্রুপ অব ডেথ’ তকমা লাগাতে হচ্ছে না। সুপার এইটের একটি গ্রুপ দেখে আপনা-আপনি অনেকের মুখ থেকে বেরিয়ে আসছে ‘মৃত্যুকূপ’। সুপার এইটে একই গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা! শুধু নামে ভারী বা প্রাক-টুর্নামেন্ট ফেবারিট বলেই নয়, এই চার দলকে এক গ্রুপে দেখে আঁতকে ওঠার কথা এই টুর্নামেন্টের ফর্মের কারণেও। এই চার দলই যে চার গ্রুপ চ্যাম্পিয়ন! কারণটা অনেকেরই জানা। যাঁরা জানেন না, তাঁদের জন্য তথ্য—সুপার এইটের গ্রুপিং করা হয়েছে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী, এই টুর্নামেন্টের পারফরম্যান্সে নয়। ফরম্যাট আগেই সাজিয়ে রেখেছিল আইসিসি। সুপার এইটের আরেক গ্রুপে তাই গ্রুপ পর্বের চার রানার্সআপ—ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। মৃত্যুকূপের চার দল এখন টুর্নামেন্টে নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রমাদ গুনতে পারে। তবে আইসিসি আর আয়োজক দেশের কর্তারা কিন্তু বেজায় খুশি। এবার যদি টুর্নামেন্টে প্রাণ ফেরে! টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি কর্তারা ভেতরে ভেতরে যা নিয়ে শঙ্কিত ছিলেন, এখন পর্যন্ত সেসবই সত্যি হয়েছে। শুরুর সপ্তাহ খানেক পরও ঠিক জমে ওঠেনি টুর্নামেন্ট। বেশির ভাগ ম্যাচে দর্শকশূন্য খাঁ খাঁ গ্যালারি, নিষ্প্রাণ আবহ, একগাদা একতরফা ম্যাচ আর অক্টোবরের মৌসুমি বায়ুর আগেভাগেই হানা দেওয়া—সংক্ষেপে এই ছিল ওয়ার্ল্ড টি-টোয়েন্টির গ্রুপ পর্ব। তবে ধান মাড়াইয়ের কাজ শেষ, মানে সব ‘চিটা’ ঝরে পড়েছে। আজ শুরু হচ্ছে আসল লড়াই—শেষ চারে যাওয়ার লড়াই। ওই মৃত্যুকূপ আর সুপার এইটের সম্ভাব্য জমজমাট লড়াইয়েই আশার আলোকবর্তিকা দেখছে আইসিসি। আজ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার এইট। দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অন্যতম ফেবারিট ওয়েস্ট ইন্ডিজ। অপেক্ষায় আছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-ভারত, ভারত-পাকিস্তান—জিবে জল আনা সব লড়াই। গত তিনটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিই ক্রিকেটের সীমানা ছাড়িয়ে রূপ নিয়েছিল প্রাণের উৎসবে। এবার এখন পর্যন্ত প্রাণের ছোঁয়া নেই বললেই চলে। এখন মাঠের ক্রিকেটই যদি প্রাণ ফেরাতে পারে বিশ্বকাপে!আশাটা একেবারে অমূলকও নয়। সুপার এইটের দিকেই যে লঙ্কার ক্রিকেটপ্রেমীদের চোখ, সেটার প্রমাণ মিলল টিকিট বিক্রির হিসাবেও। আয়োজকেরা জানাচ্ছেন, সুপার এইটে পাল্লেকেলের সব ম্যাচের টিকিট বিক্রি শেষ। কলম্বোর ম্যাচগুলোর কিছু টিকিট বাকি আছে এখনো। সেগুলোও যে থাকবে না, সহজেই অনুমেয়। মাঠে জমজমাট ক্রিকেট, গ্যালারি দর্শকে টইটম্বুর, বাদ্যি-বাজনা, রঙের খেলা—তবেই না মনে হবে সত্যিকারের টি-টোয়েন্টি উৎসব! ক্রিকেটের চিরশত্রু বৃষ্টি অবশ্য বাগড়া দিতে আয়োজন করেই। কিছু নমুনাও দেখিয়েছে গ্রুপ পর্বে। তবে প্রাণের উচ্ছ্বাস চাইলে ছাপিয়ে যেতে পারে বৃষ্টি-বাধাকেও। সুপার এইট কি পারবে সেই প্রাণের উচ্ছ্বাসকে ফিরিয়ে আনতে?