আজ দরজা খুলবে বেলা ১১টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলার চিরচেনা দৃশ্যের সঙ্গে এখন যোগ হয়েছে আগুনে পোড়ার ক্ষোভ, হতাশা আর বিস্ময়। কীভাবে লাগল আগুন, কে দিল আগুন, কার ক্ষতি হলো, কার লাভ হলো, এমন বিচিত্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মেলাজুড়ে। মেলার মাঠের শেষ সীমানার দিকে এগিয়ে যেতেই মিলল ছড়িয়ে-ছিটিয়ে থাকা পোড়া বইয়ের ছাই। নাকে ভেসে এল কাগজ পোড়া গন্ধ। তার সামনে বারবার ঘুরে-ফিরে আসছেন ওই সব স্টলের কর্ণধার এবং বিক্রয় প্রতিনিধিরা। দীর্ঘশ্বাস ফেলছেন কেউ কেউ। গতকাল মঙ্গলবার ছিল অমর একুশে গ্রন্থমেলার ২৬তম দিন। হাতে মাত্র আর দুটি দিন বাকি। সে কারণেই শেষ দিনগুলোতে লোকসমাগম বেড়েছে। বিক্রিও এখন তুঙ্গে। আজ মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। ক্ষোভ আর ক্ষতিপূরণের দাবি: সর্বনাশা আগুনে পুকুরের উত্তর পাশের দোকানগুলোর প্রায় সব কটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা আশা করছেন সরকার বা বাংলা একাডেমী কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন প্রকাশক নেতারা। অন্যদিকে লিখিতভাবে কেউ কোনো ক্ষতিপূরণ দাবি করেননি বলে জানান বাংলা একাডেমীর উপপরিচালক (জনসংযোগ) মুর্শিদ আনোয়ার। মেলার তথ্যকেন্দ্রের সামনে ক্ষতিগ্রস্ত প্রকাশকেরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্যে বলা হয়, রোববার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি প্রতিষ্ঠানের দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এই ঘটনায় বিভিন্ন কমিটি গঠন করা হয়। আমরা দ্রুত ওই সব কমিটির রিপোর্ট দাবি করছি। একই সঙ্গে এ ঘটনার পেছনে যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি এবং যার বা যাদের গাফিলতির কারণে ঘটনা ঘটল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।মঙ্গলবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মেলা পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। তিনজনই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়: মেলায় প্রথমা থেকে এসেছে জহিরুল ইসলামের মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায় বইটি। এতে স্থান পেয়েছে অনেক না-বলা না-জানা কথা। মুক্তিযুদ্ধে বিজয়ের পর রাজনৈতিক কূটকৌশলের কারণে মুক্তিযোদ্ধাদের প্রতি অবজ্ঞা ও হতাশাজনক পরিস্থিতির কিছু কথা আছে, আছে কূটকৌশলে বীর মুক্তিযোদ্ধাদের জীবননাশের কথা। আরও নতুন বই: একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার মেলার ২৬তম দিনে ১০০টি নতুন বই এসেছে। এর মধ্যে রয়েছে গল্প আটটি, উপন্যাস ১১টি, প্রবন্ধ চারটি, কবিতা ২৮টি, গবেষণা একটি, ছড়া চারটি, শিশুতোষ পাঁচটি, জীবনী একটি, মুক্তিযুদ্ধ চারটি, নাটক একটি, বিজ্ঞান তিনটি, ভ্রমণ একটি, ইতিহাস দুইটি, রাজনীতি একটি, কম্পিউটার দুটি, সায়েন্স ফিকশন একটি এবং অন্যান্য বিষয়ের ওপর ২৩টি বই। জাতীয় জাদুঘরের শতবর্ষ নিয়ে আলোচনা: মঙ্গলবার বিকেলে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ফিরোজ মাহমুদ। আলোচনায় অংশ নেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস, গবেষক হাশেম সূফী ও সাইফুদ্দীন চৌধুরী। সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল মমিন চৌধুরী।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সায়েরা হাবীব। এ কে এম শামীম রেজার পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘মাটির সুর সংগীত পরিষদ’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী জুবায়ের আল্ফ-ই-সানী। আজ ১১টা থেকে মেলা: প্রকাশকদের দাবি অনুযায়ী মেলার সময়সীমা বাড়ানো না হলেও শেষের দুই দিন অর্থাৎ আজ ও আগামীকাল মেলার সময় বাড়িয়ে দেওয়া হবে। শেষ দুই দিন মেলা শুরু হবে বেলা ১১টা থেকে।