নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে আজ রোববার দিনাজপুরে খালেদা জিয়া জনসভা করবেন।বিরোধী দলের ঘোষিত দ্বিতীয় পর্বের কর্মসূচিতে এই জনসভার মধ্য দিয়ে খালেদা জিয়ার দেশব্যাপী সফর শুরু হলো।এদিকে গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গায় খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা করেছে। খালেদা জিয়ার গাড়িবহর পৌঁছানোর কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল শনিবার বিকেল চারটায় ঢাকার বাসা থেকে সড়কপথে রওনা হন। তাঁর সঙ্গে নেতা-কর্মীদের প্রায় অর্ধশত গাড়ির বহর ছিল। রাত সাড়ে ১০টায় তিনি বগুড়ার সার্কিট হাউসে পৌঁছান। সেখান থেকে আজ তিনি দিনাজপুরে যাবেন।দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আহমেদ জানান, খালেদা জিয়ার আজ বেলা দুইটায় দিনাজপুরে পৌঁছানোর কথা। তিনি তাঁর বাবা এস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার ও বড় বোন বেগম খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। বেলা তিনটায় তিনি শহরের গোর এ শহীদ ময়দানে ১৮ দলীয় জোট আয়োজিত জনসভাস্থলে যাবেন। জনসভা শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।