আজ দুই বোন একসঙ্গে গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে স্টুডিও থেকে সরাসরি গানের অনুষ্ঠান বসুধা তোমার জন্য আমার এ গান। এখানে গান করবেন ডলি সায়ন্তনী ও তাঁর বোন পলি সায়ন্তনী। উপস্থাপনা করবেন সায়েম, পরিচালনা করবেন তানিফ মাহমুদ। কথা হলো ডলি সায়ন্তনীর সঙ্গে।আপনারা দুই বোন টিভিতে এর আগে একই অনুষ্ঠানে কখনো গান করেছেন?না, এবারই প্রথম একসঙ্গে গান করব। আমি, বাদশা বুলবুল ও পলি—তিন ভাইবোন ছোটবেলা থেকেই গানের সঙ্গে জড়িত। আমি আর বাদশা বুলবুল অনেক আগে থেকেই টিভি, চলচ্চিত্র, অডিও অ্যালবাম ও মঞ্চে গান করছি। পলি তখন গানটাকে খুব একটা গুরুত্ব দেয়নি। তবে ও এখন গানের ব্যাপারে খুব সিরিয়াস। এখন নিয়মিত মঞ্চে গান করছে।আজকের অনুষ্ঠানে দুই বোন কী ধরনের গান করবেন?আমি অনেক আধুনিক গান গেয়েছি। আমার পুরোনো কিছু আধুনিক গান আছে, ওগুলো তেমন গাওয়া হয় না। আজ ওই গানগুলো করার ইচ্ছা আছে। দর্শক-শ্রোতারা আমার কণ্ঠে লোকসুরের গানই বেশি শুনতে চান। তাই লোকগানও করব। আর দর্শকদের অনুরোধ তো রাখতে হবে। পলি করবে পুরোনো দিনের কিছু গান। সঙ্গে ওঁর নিজের অ্যালবাম থেকেও গান করবে।টিভির স্টুডিও থেকে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে কত দিন পর গান করছেন?অনেক দিন পর। শেষ গান করেছিলাম গত বছরের মাঝামাঝি। এ ধরনের অনুষ্ঠান দেড় থেকে দুই ঘণ্টা হলেই বেশি ভালো। আগে তো শ্রোতাদের সঙ্গে আমাদের যোগাযোগ হতো অডিও অ্যালবামের মধ্য দিয়ে। এখন সরাসরি গানের অনুষ্ঠানগুলো এই ভূমিকাটা পালন করছে। আর সপ্তাহ শেষের রাতে প্রচারিত হওয়ায় অনেক শ্রোতা রাত জেগে গান শোনেন। এটা কিন্তু গানের জন্য ভালো দিক। অডিও অ্যালবামের খবর কী?বাজারের যা অবস্থা, খুব তাড়াতাড়ি অ্যালবাম করার ইচ্ছা নেই। এখন শুধু মঞ্চ আর চলচ্চিত্রে গান করছি।