আজ নেলসন ম্যান্ডেলার ৯৩তম জন্মদিন
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ৯৩তম জন্মদিন আজ সোমবার। জাতিসংঘের উদ্যোগে আজ দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’। বর্ণবাদবিরোধী এই কিংবদন্তি নেতার জন্মবার্ষিকীতে দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বজুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন এই মহান নেতার রাজনৈতিক সংগ্রামের ৬৭ বছরের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সবাইকে ৬৭ মিনিট স্বেচ্ছামূলক কাজ করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও বিশ্ববাসীর প্রতি একই কাজ করার আহ্বান জানিয়েছেন। বান বলেছেন, ‘নেলসন ম্যান্ডেলার অবদানে আমাদের ধন্যবাদ জানানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে, অন্যদের জন্য কাজ করা এবং পরিবর্তনে উৎসাহিত করা।’ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অনুরূপ এক বিবৃতিতে ম্যান্ডেলার অবদানের কথা স্মরণ করেছেন। দক্ষিণ আফ্রিকার এক কোটি ২৪ লাখ শিশু সারা দেশে আজ সকালে নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে বিশেষ গান পরিবেশন করেছে। দেশটির বিভিন্ন কোম্পানি, বিশিষ্টজন ও দাতব্য সংস্থা আজ স্বেচ্ছামূলক কাজ করার ঘোষণা দিয়েছে। নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন সারা বিশ্ব থেকে ৯৩ জন শিশুকে ফাউন্ডেশনে আমন্ত্রণ জানিয়েছে। তাঁর জন্মদিন উপলক্ষে একদল মোটরসাইকেল আরোহী স্বেচ্ছাসেবামূলক কাজ করতে এক সপ্তাহ আগে পথপরিক্রমায় বের হয়। তাদের দুই হাজার ২০০ কিলোমিটারের এই পরিক্রমা আজ প্রিটোরিয়ায় শেষ হবে।নেলসন ম্যান্ডেলা তাঁর জন্মদিন কোথায় পালন করবেন তা স্পষ্ট নয়। এ ব্যাপারে নেলসন ফাউন্ডেশনও কিছু বলেনি। আশা করা হচ্ছে, ম্যান্ডেলা ইস্টার্ন কেপ প্রদেশের কুনু গ্রামে তাঁর পরিবারের সঙ্গে জন্মদিন কাটাবেন। গত বৃহস্পতিবার তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে কুনু গ্রামে যান।গত জানুয়ারি থেকে ম্যান্ডেলা তীব্র শ্বাসকষ্টে ভুগছেন। বেশ কিছুদিন হাসপাতালেও ছিলেন। গত বছরের জুলাইয়ে বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানের পর ম্যান্ডেলাকে আর জনসম্মুখে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানে আন্দোলন করতে গিয়ে নেলসন ম্যান্ডেলা টানা ২৭ বছর জেল খাটেন। ১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর ১৯৯৪ সালের নির্বাচনে তাঁর দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জয়লাভ করে। এরপর তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৪ সালে রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি জনসমক্ষে আসা কমিয়ে দেন। জাতিসংঘ ২০০৯ সালে ম্যান্ডেলার জন্মদিনকে ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’ বলে ঘোষণা করে।