আজ পঞ্চগড়ে প্রথম রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় প্রথম রায় ঘোষণা হচ্ছে আজ বুধবার। বিডিআরের নিজস্ব আইনে এ বিচার সম্পন্ন হচ্ছে। এতে আসামি হলেন ২৯ জওয়ান। ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সময় তাঁরা সবাই পঞ্চগড়ের ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত ছিলেন বলে অভিযোগ। আদালত গতকাল মঙ্গলবার অভিযুক্তদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ বিকেল চারটায় রায় ঘোষণার সময় চূড়ান্ত করেছেন। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ গতকাল সকাল সাড়ে আটটায় আদালতের কার্যক্রম শুরু হয়। এ সময় ২৯ জন আসামি লিখিত ও মৌখিক বক্তব্য এবং যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর সরকারি কৌঁসুলি ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল হক যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামিদের মধ্যে সিপাহি মো. মিজানুর রহমান, বলাই চন্দ্র বিশ্বাস, মো. আহসানুল আজম, মো. মোজাম্মেল হোসেন, মো. ফসিয়ার রহমান, মো. মোস্তাফিজুর রহমান, হাবিলদার মো. রফিকুল ইসলাম নিজেদের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। দোষ স্বীকার করা সাত আসামি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বলেন, তাঁরা উপসহকারী পরিচালক (ডিএডি) ও সৈনিকদের প্ররোচনায় ও চাপে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হন। তাঁরা বলেন, ‘আমাদের নিজেদের পিঠে নিজেরাই ছুরি মেরেছি, বিডিআরের সুনাম নষ্ট করেছি। আমরা চৌকস ও মেধাবী অফিসারদের হত্যা করেছি। আমরা আমাদের কৃতকর্মের জন্য লজ্জিত ও করুণাপ্রার্থী।’অপর ২২ জন আসামি লিখিত ও মৌখিক বক্তব্যে নিজের নির্দোষ দাবি করে বলেন, তাঁরা বিদ্রোহে জড়িত ছিলেন না। বাদী ও কয়েকজন সাক্ষী তাঁদের এ মামলায় জড়িয়েছেন।সরকারি কৌঁসুলি ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল হক এক ঘণ্টা ধরে যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন, নয়জন আসামিকে ব্যক্তি ও চাক্ষুষ সাক্ষী, দুজনকে ব্যক্তি সাক্ষী ও দাপ্তরিক কাগজপত্রের প্রমাণ দিয়ে এবং ১৮ জনকে ব্যক্তি সাক্ষীর পাশাপাশি ভিডিওচিত্রের মাধ্যমে বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালতের সভাপতি হিসেবে ছিলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। অ্যাটর্নি-জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন ডেপুটি অ্যাটর্নি-জেনারেল বিশ্বজিত্ রায়। মামলার সরকারি কৌঁসুলিকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশারফ হোসেন ও মঞ্জুরুল আলম।এর আগে বিচার উপলক্ষে আদালতের আশপাশে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। পঞ্চগড় জেলা কারাগার থেকে ২৯ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে সকাল আটটার আগেই আদালতে হাজির করা হয়। আদালত শেষে একইভাবে তাঁদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।গত ৩ ফেব্রুয়ারি এ আদালতের বিচারকাজ শুরু হয়। পাঁচটি কার্যদিবসে মামলার বিচারকাজ শেষ হয়েছে। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ এনে সুবেদার মেজর আমিরুল হক শেখ বাদী হয়ে ২৯ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এতে জওয়ানদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনের ধারা ১০(১)-এ শৃঙ্খলাভঙ্গ ও বেআইনিভাবে অস্ত্র এবং গোলাবারুদ হাতে নিয়ে গুলিবর্ষণ, পঞ্চগড়-ঢাকা মহাসড়ক যানবাহন চলাচলে বাধা, পাগলাঘণ্টা বাজানো, ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিডিআর মহাপরিচালকের ছবিতে আগুন লাগানো, বিদ্রোহ সংঘটনে সহযোগিতার অভিযোগ আনা হয়। এ সময় তাঁরা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন (বর্তমানে মেজর) হাসিবুল হোসেনকে পরিবারসহ বের করে দেন।গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সৈনিক গ্রেপ্তার: শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নের (বিডিআর) সদর দপ্তর থেকে গতকাল দুপুরে পুলিশ সৈনিক মো. সালাহ্ উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করে। তিনি পিলখানা হত্যাকাণ্ড মামলার আসামি বলে জানা গেছে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।