আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ শনিবার। প্রায় চৌদ্দ শ বছর আগে আরবের মরু প্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার শুরু করেন হজরত মুহাম্মদ (সা.)। তাঁর আবির্ভাব, ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব তিনি। সেই মহামানবের জন্ম ও ওফাত দিবস আজ ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানেরা এ দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। মহানবী (সা.)-এর গুরুত্ব কতটুকু এ বিষয়ে হাদিসে কুদসীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ‘মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না।’ইসলাম ধর্মমতে, সমগ্র আরব-বিশ্ব যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে যেতে বসেছিল, তখন মহান আল্লাহ পাক তাঁর পিয়ারা হাবিব মহানবী (সা.)-কে মানবজাতির ত্রাণকর্তা হিসেবে পাঠিয়েছিলেন। ৪০ বছর বয়সে নবুওয়াত পাওয়ার পর তিনি বিশ্ববাসীকে তাওহীদ বা আল্লাহর একত্ববাদ, মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান। এ জন্য তাঁকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বয়ে এনেছিলেন। এরপর মহানবী (সা.) দীর্ঘ ২৩ বছর বিশ্বের বিভিন্ন স্থানে এ আহ্বান পৌঁছে দিয়ে ৬৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। সেই দিনটিও ছিল ১২ রবিউল আউয়াল।ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে তাঁরা দেশবাসীসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা।কর্মসূচি: যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের লক্ষ্যে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা, মিলাদ, দোয়া মাহফিল ইত্যাদি।বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গতকাল শুক্রবার থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু করেছে। এ আয়োজনে রয়েছে—প্রতিদিন ওয়াজ মাহফিল, বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ উদ্যোগে সেমিনার, আলোচনা সভা, মহিলাদের সেমিনার, ইসলামি পুস্তক প্রদর্শনী, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্বিরাআত ও হামদ-নাত মাহফিল। আন্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার উদ্যোগে পল্টন ময়দানে আজ শনিবার সমাবেশ ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগ বাদ আসর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করবে।জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে আজ বাদ আসর মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আশেকানে গাউছিয়া মাইজভান্ডারিয়া রাজধানীর তেজকুনীপাড়া খেলাঘর সমাজকল্যাণ সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা করবে। বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন ও মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আজ থেকে তিন দিনব্যাপী মাহফিলের। এ মাহফিল হবে মহাখালী গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে। জাতীয়তাবাদী ওলামা দল ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আজ।আজিমপুর দায়রা শরিফে (খানকাহ্) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ দিনব্যাপী মাহফিল গতকাল শেষ হয়েছে। আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন আজ সকাল সাড়ে নয়টায় রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দানে ভক্তদের সম্মেলন, ওয়াজ মাহফিল, আনন্দ মিছিল ও মোনাজাতের আয়োজন করেছে।অন্যদিকে আদাবরে খানকাহ্-এ মাইজভান্ডারি ওয়া বাব-এ ওহাব মঞ্জিলের পক্ষ থেকে মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে বাদ মাগরিক আয়োজন করা হয়েছে আশেকান সমাবেশ ও মিলাদ মাহফিলের।