আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় ১৪০০ বছর আগে আরবের মরু প্রান্তরে শান্তির ধর্ম ইসলামের প্রচার শুরু করেন হজরত মুহম্মদ (সা.)। তাঁর আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি। সেই মহামানবের জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। মুসলমানেরা দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। বছর ঘুরে আজ সেই দিন।ইসলাম ধর্মমতে, সমগ্র আরব বিশ্ব যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে যেতে বসেছিল, তখন মহান আল্লাহ পাক তাঁর পেয়ারা হাবিব মহানবী (সা.)-কে মানবজাতির ত্রাণকর্তা হিসেবে পাঠিয়েছিলেন। ৪০ বছর বয়সে নবুয়ত পাওয়ার পর তিনি বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান। তিনি সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন। এরপর মহানবী (সা.) দীর্ঘ ২৩ বছর এই বার্তা প্রচার করে ৬৩ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন।ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে তাঁরা দেশবাসীসহ মুসলিম উম্মাহ্র সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা।কর্মসূচি: বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা, মিলাদ, দোয়া মাহফিল প্রভৃতি। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহানবী (সা.)-এর জীবনের ওপর আলোচনা ও মিলাদ, আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শাহজাহানপুর রেলওয়ে ময়দানে ওয়াজ মাহফিল, আনন্দ-মিছিল ও মোনাজাত, মাইজভান্ডারি ফোরামের উদ্যোগে আলোচনা ও আনন্দ-মিছিল, জমিয়তে আশেকানে মাইজভান্ডারির আনন্দ-মিছিল, দেওয়ানবাগ শরিফের আশেকে রাসুল (সা.) সম্মেলন প্রভৃতি।দেশের সব কটি টেলিভিশন চ্যানেল দিনটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। সংবাদপত্রগুলোও বিশেষ রচনা প্রকাশ করবে। সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানেরাও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পারিবারিক ও সামাজিকভাবে নানা অনুষ্ঠান পালন করে থাকেন।