আজ পবিত্র লাইলাতুল কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার দিবাগত রাত পবিত্র ‘লাইলাতুল কদর’ বা শবে কদর। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল কদর মহিমান্বিত রাত। এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সমান পুণ্য লাভ করা যায়। এ কারণে সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে লাইলাতুল কদরের ফজিলত অতুলনীয়। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়।বছর ঘুরে আজ ফিরে এসেছে সেই রাত। পশ্চিম রাজাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘হাজার মাস থেকে উত্তম এই রাত। মহানবী (সা.)-এর মনের একটি ভাবনা আল্লাহ উপলব্ধি করে এ রাতের ব্যবস্থা করে দিয়েছেন। মহানবী (সা.)-এর আগে যেসব নবী-রাসুল এসেছিলেন, তাঁরা শত শত বছর বেঁচে থাকতেন। শত শত বছর ইবাদত করে যে পুণ্য লাভ করতেন, নবীজি ও তাঁর উম্মতের সে সুযোগ ছিল না। মহানবী (সা.)-এর মনের এই আক্ষেপ বুঝতে পেরে মহান আল্লাহ মহানবী (সা.)-এর উম্মতের পুণ্য লাভের সুযোগ বাড়িয়ে দিতে এই মহিমান্বিত রজনীর মর্তবা সম্পর্কে অবহিত করেন। পবিত্র কোরআন মজিদে এই রাতের তাৎপর্য সম্পর্কে “কদর” নামে একটি সূরাও নাজিল হয়েছে। এতে বলা হয়েছে, ‘মহিমান্বিত এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি পুণ্যময়।’ কবে এই লাইলাতুল কদর আসে?—জানতে চাইলে মাওলানা হেমায়েত উদ্দিন বলেন, হাদিস অনুযায়ী ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত লাইলাতুল কদর হতে পারে। দীর্ঘদিন আগেই বেশির ভাগ ওলামা একমত হয়েছেন যে, ২৬ রমজান দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে। সেই থেকে এই রাতেই ধর্মপ্রাণ মুসলমানেরা বিশেষ ইবাদত বন্দেগি করেন।ইসলাম ধর্মে বলা হয়েছে, অন্যান্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, লাইলাতুল কদরের এই এক রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব হাসিল করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানেরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন। প্রতিবারের মতো এবারও লাইলাতুল কদরের পরদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।এই রাতকে উপলক্ষ করে রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্রই মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পবিত্র এই রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন।দেশের সংবাদপত্রগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। টেলিভিশন চ্যানেলগুলোও প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা।পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী তথা বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সবার কল্যাণ কামনা করেছেন।