আজ পবিত্র শবে বরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত ও পবিত্র। এ রাত ‘শবে বরাত’-এর রাত। এ রাতে মহান আল্লাহ তাআলা মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন। মুসলমানরা অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের তওফিক চেয়ে মোনাজাত করেন। বছর ঘুরে আজ মঙ্গলবার আবারও ফিরে এসেছে সেই মহিমান্বিত রাত।পবিত্র এ রাতে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। অনেকে সারা রাত ইবাদত-বন্দেগি শেষে সেহির খেয়ে পরের দিন রোজা রাখেন। শবে বরাতে অনেকে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।মুসলমানদের কাছে মাহে রমজানের বার্তাও বয়ে আনে শবে বরাত। শাবান মাসের পর আসে পবিত্র মাহে রমজান। ‘শবে বরাত’ কথাটি ফারসি ‘শব’ (রাত) ও ‘বরাত’ (সৌভাগ্য)—এ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। শবে বরাতকে ‘লাইলাতুল বরাত’ নামেও অভিহিত করা হয়।পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি তাঁর বাণীতে শবে বরাতে সবার জন্য সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।প্রধানমন্ত্রী তাঁর বাণীতে শবে বরাতের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মানবকল্যাণে ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।বিরোধীদলীয় নেত্রী শবে বরাত উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেশ ও মুসলিম উম্মাহ্র উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন।ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হলেও শবে বরাত বাঙালি মুসলমানদের কাছে একই সঙ্গে ধর্মীয় উৎসবের রাত। এই দিনে প্রত্যেক মুসলমানের ঘরে সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভালো খাবার, নানা রকম মুখরোচক হালুয়া, রুটি ও পায়েস তৈরি হয়। ঘরে তৈরি এসব খাবার আত্মীয়স্বজনের বাড়িতে পাঠানো হয়, বিলানো হয় গরিব-দুঃখীর মাঝে। মহিমান্বিত এ রাতে অনেকেই দান-খয়রাত করে থাকেন।এদিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।প্রতিবছরের মতো এবারও শবে বরাতের পরের দিন অর্থাৎ, কাল বুধবার সরকারি ছুটি থাকবে।পবিত্র এই দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।