আজ পূর্ণ চন্দ্রগ্রহণ
আজ বুধবার ১৫ জুন পূর্ণ চন্দ্রগ্রহণ। কক্ষপথ পরিক্রমায় পৃথিবী একই সরলরেখায় সূর্য ও চাঁদের মাঝখানে এসে পৌঁছালে চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। এটিই চন্দ্রগ্রহণ। এবারের চন্দ্রগ্রহণটি দেখা যাবে বাংলাদেশের সর্বত্র। রাত ১১টা ২৪ মিনিটে শুরু হবে গ্রহণের প্রথম উপচ্ছায়া পর্যায়। পূর্ণতা পাবে রাত দুইটা ১২ মিনিটে। গ্রহণটি ১০০ মিনিট স্থায়ী হবে। পূর্ণ গ্রহণটি শেষ হবে ভোর চারটা দুই মিনিটে। ভোর পাঁচটায় হবে এর শেষ উপচ্ছায়া পর্যায়।অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাজাহান মৃধা জানান, এই পূর্ণ চন্দ্রগ্রহণটি ২০১১ সালের প্রথম চন্দ্রগ্রহণ। বছরের দ্বিতীয় গ্রহণটি দেখা যাবে আগামী ১০ ডিসেম্বর। তবে আজকের গ্রহণটি জ্যোতির্বৈজ্ঞানিক দৃষ্টিতে তাৎপর্যপূর্ণ। কারণ পৃথিবীর ছায়ার কেন্দ্রে চাঁদ প্রায় ১০০ মিনিট অন্ধকারাচ্ছন্ন থাকবে। এর আগে এ রকম অবস্থায় পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল ২০০০ সালের ১৬ জুলাই। পরবর্তী সময়ে এ রকম পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।অনুসন্ধিৎসু চক্র: দেশব্যাপী পূর্ণ চন্দ্রগ্রহণটি পর্যবেক্ষণের জন্য দেশের অন্যতম বিজ্ঞান ক্লাব অনুসন্ধিৎসু চক্র ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রীয় পর্যবেক্ষণ শিবিরটি হবে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রাঙ্গণে। এর কার্যক্রম আজ বিকেল চারটায় শুরু হয়ে সারা রাত চলবে। এটি সবার জন্য উন্মুক্ত। এখান থেকে ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হবে। পর্যবেক্ষণ শিবির থেকে অপটিক্যাল টেলিস্কোপ ছাড়াও দেশে প্রথমবারের মতো রেডিও টেলিস্কোপের মাধ্যমে গ্রহণ পর্যবেক্ষণের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। রেডিও টেলিস্কোপের সব কার্যক্রমও উন্মুক্ত থাকবে সাধারণ দর্শনার্থীদের জন্য। এ ছাড়া হ্যাম রেডিওর মাধ্যমেও প্রচার করা হবে জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য। ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্র দেশের ২০টি পৃথক স্থানে আয়োজন করছে পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ শিবির। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের এ চন্দ্রগ্রহণ শিবিরের তথ্য, ভিডিও ও ছবি সরাসরি প্রচার করবে শিবিরের ওয়েবসাইট: www.astronomylive.com। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন: চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ধানমন্ডি ক্লাবের খেলার মাঠে আজ বিকেল পাঁচটা থেকে রাতভর পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করছে। এতে টেলিস্কোপে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ছাড়াও ‘চাঁদের দেশে মানুষ’ নামে একটি তথ্যচিত্রের প্রদর্শনী এবং গ্রহণ ও মহাকাশ বিষয়ে থাকবে আলোচনা। আলোচনায় অংশ নেবেন সৌমেন হাজরা ও সাবরিনা শারমিন। আয়োজনটি থাকবে সবার জন্য উন্মুক্ত।