ধিকি ধিকি আগুন জ্বলছে মনে। প্রতিশোধের আগুন। বারবাডোজের প্রতিশোধ, নটিংহামের প্রতিশোধ। প্রথমটি ৫০ ওভারের ২০০৭ বিশ্বকাপ। দ্বিতীয়টি টি-টোয়েন্টির। ‘আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে দুবার খেলেছি, দুবারই জিতেছি আমরা’—এই আইরিশ-গর্ব গুঁড়িয়ে দেওয়ার ম্যাচ আজ। এমন প্রতিশোধ-প্রতিশোধ চিৎকার করতে করতে মাঠে নামাটা কি খেলায় মানায়? মানালে মানাবে, না মানালে নাই। এই ম্যাচের আগে বাংলাদেশের কাছে খেলার সংজ্ঞাটাই যে একটু বদলে গেছে! বদলে গেছেই বা বলেন কীভাবে, এই সংজ্ঞা অনেক বছর আগেই কি দিয়ে যাননি ইংলিশ লেখক ও সাংবাদিক জর্জ অরওয়েল— ‘স্পোর্টস ইজ ওয়ার মাইনাস শ্যুটিং।’সাকিব আল হাসান শুনে হাসেন। এমনিতে মনের কথা অকপটে বলে ফেলাই অভ্যাস। কিন্তু অধিনায়ককে যে কখনো কখনো একটু কূটনৈতিক পথে হাঁটতেই হয়। সাকিব তাই ‘প্রতিশোধ’ শব্দটাকে এড়িয়ে যেতে চাইলেন, ‘প্রতিশোধের চিন্তা করছি না। এই ম্যাচ জিততে না পারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন হবে। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ।’ মুখে ‘প্রতিশোধ’ নেই বলে মনেও কি নেই? উত্তরটা আপনিও জানেন।সাকিবের কাছে যেটি ‘খুব গুরুত্বপূর্ণ ম্যাচ’, আয়ারল্যান্ডের ওয়েস্ট ইন্ডিয়ান কোচ ফিল সিমন্স সেটিকে বলছেন ‘বিগেস্ট গেম ফর আস।’ কারণ একটাই। এই ম্যাচে জয়-পরাজয়ের তাৎপর্য যে অনেক সুদূরপ্রসারী, আরও নির্দিষ্ট করে বললে ‘কোয়ার্টার ফাইনালপ্রসারী’ হয়ে যেতে পারে। বাংলাদেশের মতো গত বিশ্বকাপ-বীরত্বের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে আয়ারল্যান্ডও। সেবার বাংলাদেশের সুপার এইটে ওঠা যদি চমক হয়, আয়ারল্যান্ডেরটা ছিল বিস্ময়। এবারের যে ফরম্যাট, তাতে আয়ারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠলে শুধু বিস্ময়ে কুলাবে না, একটা ‘মহা’ যোগ করতে হবে শুরুতে। ‘দিবাস্বপ্ন’ বলবেন কি না আপনার ব্যাপার, তবে আয়ারল্যান্ড এই স্বপ্নটাই দেখছে। আইরিশ ক্রিকেটারদের কেউ একটু ভালো খেললেই যে ইংল্যান্ডের প্রতি আনুগত্য প্রকাশ করে ফেলছে, এটা ঠেকানোর একটাই উপায় দেখছে আয়ারল্যান্ড ক্রিকেট। টেস্ট স্ট্যাটাসের দাবির পক্ষে সবচেয়ে বড় যুক্তিও এটাই। ১৯৯৯ বিশ্বকাপ ছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের সিঁড়ি, ২০১১ বিশ্বকাপকেও তা-ই বানাতে চায় আয়ারল্যান্ড।এমনিতে ক্রিকেটিং দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের তুলনাই চলে না। পার্থক্যটা শুধু আইসিসির পূর্ণ আর সহযোগী সদস্যেই শেষ হচ্ছে না। বড় পার্থক্য ক্রিকেট নিয়ে উন্মাদনাতেও। এই বিশ্বকাপের সময়ও আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় দৈনিক ইনডিপেন্ডেন্ট বা আইরিশ টাইমস-এর ওয়েবসাইটে ঢুকে দেখুন, ক্রিকেট সেখানে ‘কাব্যে উপেক্ষিতা’। সকার, গলফ, রাগবি, হর্লিং, গায়েলিক ফুটবল ইত্যাদির জন্য আলাদা আলাদা বিভাগ আছে; অথচ ক্রিকেটের স্থান ‘আদার স্পোর্ট’-এ! সেই আয়ারল্যান্ডের কাছে বড়-ছোট দুটি বিশ্বকাপেই পরাজয় বাংলাদেশের ক্রিকেটে দগদগে ক্ষত হয়েই থাকার কথা। আছেও।আছে বলেই ২০০৭ বিশ্বকাপের অধিনায়ক হাবিবুল বাশার সরাসরিই জানিয়ে দিচ্ছেন চাওয়াটা, ‘বারবাডোজের ওই ম্যাচটা সারা জীবনই আমাকে তাড়া করে বেড়াবে। এবার প্রতিশোধ চাই।’প্রতিশোধের অপেক্ষায় আছেন সৈয়দ রাসেলও। বারবাডোজে বাংলাদেশের দুঃস্বপ্নের ওই দিনটির সূচনা হয়েছিল এই বাঁহাতি পেসারের দুর্ভাগ্য দিয়েই। ম্যাচের আগে ওয়ার্মআপের সময় উঁচু ক্যাচ নিতে গিয়ে বাউন্ডারির দড়িতে পড়ে পা মচকে যায়। বাইরে বসে অসহায় চোখে দেখেছেন, বাংলাদেশের জন্য রঙিন বিশ্বকাপটা কেমন সাদা-কালো হয়ে যাচ্ছে! যশোরে গেছেন কদিন আগে। খেলা দেখবেন টেলিভিশনে। চাওয়া ওই একটাই—প্রতিশোধ! ‘ওই ম্যাচটা ছিল পচা শামুকে পা কাটার মতো। আমাদের দেশে ফেরার আনন্দটা নষ্ট করে দিয়েছিল ওরা। এবার এর শোধ নিতে হবে’—টেলিফোনের ওপারে ওটা মৃদুভাষী সৈয়দ রাসেলই তো! সৈয়দ রাসেলের দুর্ভাগ্যই বিশ্বকাপ অভিষেকের পথ খুলে দিয়েছিল শাহাদাত হোসেনের সামনে। এই বিশ্বকাপে বাংলাদেশ দলের স্ট্যান্ডবাই পেসার কাল নেটে বোলিং করার পর বললেন, ‘১০ মিনিট আগে জেনেছিলাম আমি খেলছি। মানসিকভাবে তৈরি ছিলাম না। তবে হেরে যাব, এটা কল্পনাও করিনি।’শাহরিয়ার নাফীসও কল্পনা করেননি। চার বছর পরও ‘যেন সেদিনের স্মৃতি’ ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বললেন, ‘যতই সবাই বলুক ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, আয়ারল্যান্ডের কাছে পরাজয় মেনে নেওয়া যায় না।’ এই ম্যাচটি কি আয়ারল্যান্ডকে সুদে-আসলে সেই যন্ত্রণা ফিরিয়ে দেওয়ার সুযোগ? শাহরিয়ারের মুখে হাসি, ‘একটু ডলা তো আমরা দিছিই।’শাহরিয়ার যে ‘ডলা’র কথা বলছেন, সেটি ২০০৮ সালে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরে। ৩-০ হোয়াইটওয়াশের সেই ‘ডলা’য় শাহরিয়ারেরও বড় ভূমিকা ছিল। তিন ম্যাচে করেছিলেন অপরাজিত ৯০, ৬০ ও ৫৪। শাহরিয়ার আজ খেলছেন না। রাসেল-শাহাদাত তো বিশ্বকাপ দলেই নেই। প্রতিশোধ নেওয়ায় প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগও তাই নেই তাঁদের। মোহাম্মদ আশরাফুলের সম্ভবত আছে। সম্ভবত, কারণ বাংলাদেশ কাল একাদশ ঘোষণা করেনি। তবে আশরাফুলের খেলাটা প্রায় নিশ্চিত বলেই খবর। যদি খেলেন, স্মৃতির ছেঁড়াখোঁড়া মেঘ কি উড়ে বেড়াবে না তাঁর মনের আকাশে! সামনে আয়ারল্যান্ড কি তাতিয়ে তুলবে না ব্যক্তিগত কিছু হিসাব মেটাতে! বারবাডোজের ওই ম্যাচে যতক্ষণ আশরাফুল ছিলেন, ততক্ষণই ম্যাচে ছিল বাংলাদেশ। মোহাচ্ছন্ন হয়ে ছিল কেনসিংটন ওভাল। ৫ চার ও ১ ছয়ে ৩৫ বলে ৩৫ করার পরই ‘আইরিশ তালগাছ’ র্যাঙ্কিনকে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ। বাংলাদেশের ভেঙে পড়তেও আর বেশি সময় লাগেনি এরপর। সেই দুঃখ আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের দুঃখটা আরও বেশি হওয়ার কথা। আশরাফুলের অধিনায়কত্ব-অধ্যায়ের সমাপ্তিও তো ওতেই।প্রতিশোধ! প্রতিশোধ!! কাল মিরপুর স্টেডিয়ামের বাতাসে যেন অদৃশ্য হয়ে উড়ে বেড়াল এই চিৎকার। প্রতিশোধের বাহন কী হবে, এ ব্যাপারেও আশ্চর্য ঐকমত্য। সংবাদ সম্মেলনে সাকিব যেমন বললেন, বললেন রাসেল-শাহাদাত-শাহরিয়ারও। স্পিনেই ওদের নাচন, স্পিনেই ওদের মরণ। শাহরিয়ার চোখ নাচিয়ে বললেন, ‘উইকেট দেখেছেন? দেখবেন, স্পিন ধরবে।’ আইরিশ ব্যাটসম্যানরা কেন বাংলাদেশের উইকেটে স্পিন খেলতে পারে না, কাল্পনিক স্ট্যান্স নিয়ে সেটির একটা প্রামাণ্যচিত্রও যেন দেখিয়ে ফেললেন এরপর।শাহরিয়ার যা বলছেন, সেটি আসলে বাংলাদেশ দলের সবারই কথা। এটা কেনসিংটন ওভাল বা ট্রেন্টব্রিজ নয়, এটা মিরপুর। মিরপুরের উইকেটে রাজ্জাক-সাকিবই আজ বাংলাদেশের তুরুপের তাস। মজার ব্যাপার হলো, ২০০৮ সিরিজ কিন্তু এর পক্ষে সমর্থন জোগাচ্ছে না। সেবার তিন ম্যাচের প্রথম দুটিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের দুই পেসার। দ্বিতীয়টিতে ৪২ রানে ৫ উইকেট নিয়ে ফরহাদ রেজা। প্রথমটিতে ১০-৪-২২-৩ বোলিং বিশ্লেষণ ছিল জনৈক মাশরাফি বিন মুর্তজার। শেষটিতেও ম্যাচের সেরা কোনো স্পিনার নন, সেঞ্চুরি করে তামিম ইকবাল।এত স্পিন-স্পিন রব, আজও কি সবাইকে চমকে দিয়ে নায়ক হয়ে যাবেন কোনো পেসার? স্পিনে হোক বা পেসে হোক—কী আসে-যায়! আসল চাওয়া পূর্ণ হলেই তো হলো। প্রতিশোধ!