আজ প্রধানমন্ত্রী ও কাল বিরোধীদলীয় নেত্রীর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সংবাদ সম্মেলন আগামীকাল রোববার। অবশ্য পূর্ব ঘোষণা অনুযায়ী খালেদা জিয়ার সংবাদ সম্মেলনও আজ বিকেল সাড়ে তিনটায় হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থাকায় তা পরিবর্তন করা হয়েছে বলে গতকাল বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।দেশের শীর্ষ দুই নেত্রীই সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ভারত যৌথ ঘোষণা এবং চুক্তি ও সমঝোতা স্মারক সই নিয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরবেন।প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হবে তাঁর কার্যালয়ে আজ বিকেল চারটায়। বিরোধীদলীয় নেত্রীর সংবাদ সম্মেলন হবে আগামীকাল বিকেল সাড়ে তিনটায়।প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হয়। বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারত একে অন্যের সমুদ্র, রেল ও সড়কপথ ব্যবহার করবে বলে সমঝোতা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর শেষে ফেরার দিন বুধবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা দিয়েছে। অন্যদিকে এ বিষয়ে প্রধান বিরোধী দল বিএনপির প্রতিক্রিয়া ছিল উল্টো। বিএনপি এ চুক্তিকে দেশের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে।দুই নেত্রীর সংবাদ সম্মেলন নিয়ে রাজনৈতিক মহলে বেশ আগ্রহ আছে। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, মূলত ভারত সফরের অর্জন জনগণকে জানানোই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের উদ্দেশ্য।বিরোধীদলীয় নেত্রীর সংবাদ সম্মেলনের বিষয়বস্তু আগেই পরিষ্কার করেছেন বিএনপির নেতারা। গত বুধবার দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে দলীয় নেতারা জানিয়েছিলেন, ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে দলের অবস্থানের কথা জানাতে বিরোধীদলীয় নেত্রী সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলন থেকে বিরোধীদলীয় নেত্রী কোনো কর্মসূচি ঘোষণা করবেন কি না, তা স্পষ্ট করে বলতে পারেননি দলের নেতারা।