দেশ টিভিতে শুরু হলো নতুন অনুষ্ঠান ‘প্রিয়জনের গান’। এখানে আমন্ত্রিত শিল্পী তাঁর পছন্দের শিল্পীদের গান করবেন। পাশাপাশি থাকবে তাঁর নিজের গানও। স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি। আজকের শিল্পী আবিদা সুলতানা। কথা হলো তাঁর সঙ্গে।আজকের অনুষ্ঠানে আপনি কোন শিল্পীদের গান করবেন?যাঁরা সুর-তাল-লয় ঠিক রেখে, সুন্দর করে, আমি বলব বুকের ভেতর থেকে গানটা করেন—তাঁদের সবার গানই পছন্দ করি। এ ছাড়া পছন্দের কিছু শিল্পী তো অবশ্যই রয়েছেন। তাঁদের মধ্য থেকে আজ নীলুফার ইয়াসমীন, ফেরদৌসী রহমান, শাহনাজ রহমতউল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, শাম্মী আক্তার, শাকিলা জাফরের গান করার ইচ্ছা আছে। আরও অনেকের গানই করব, লতা মঙ্গেশকরের গানও করব। তবে আমার পছন্দের কোনো পুরুষ কণ্ঠশিল্পীর গান করব না, কারণ পুরুষ কণ্ঠের গান আমার কণ্ঠে ঠিক মানাবে না।এখন তো বর্ষাকাল। আপনার পছন্দের তালিকায় বৃষ্টির গান থাকবে?অনুষ্ঠানের জন্য আমি তো অনেকগুলো গান বাছাই করেছি। শেষে দেখি এগুলোর বেশির ভাগই বৃষ্টির গান। এটা কিন্তু সচেতনভাবে করিনি, হয়ে গেছে। আসলে বৃষ্টি আমার দারুণ পছন্দ। যখন বৃষ্টির শব্দ কানে আসে, তখন আর কোনো বাদ্যযন্ত্রের শব্দ শুনতে চাই না। কারণ বৃষ্টির মধ্যে একটা সুর আছে, ছন্দ আছে। যখন সাগরের পাড়ে গিয়ে দাঁড়াই, তখনো কথা বলি না, শুধু সাগর থেকে ভেসে আসা আওয়াজ মন দিয়ে শুনি।ইদানীং স্টুডিও লাইভ অনুষ্ঠানে খুব বেশি গান করছেন।তা বলতে পারেন। গত ১০ দিনে তিনটি টিভি চ্যানেলে গান করেছি। আজ করছি দেশ টিভিতে, এর আগে করেছি একুশে টিভি ও আরটিভিতে।নতুন অ্যালবামের কথা কিছু ভেবেছেন?হ্যাঁ, খুব কাছাকাছি সময়ে আমার দুটো অ্যালবাম বেরিয়েছে, লোকগান নিয়ে অন্তরে বৈরাগী আর রবীন্দ্রসংগীত নিয়ে হূদয় আমার নাচে রে। এবার আর তাড়াহুড়া করছি না। ঈদের পর মৌলিক গানের অ্যালবাম করব। দুটো পুরোনো গান থাকবে। অন্যগুলো নতুন।