আজ ফাগুনে রঙিন হবে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাঠবিড়ালী কাঠবিড়ালী পেয়ারা তুমি খাও? গুড়মুড়ি খাও’ আবৃত্তি করতে সেই যে সাতসকালে মেলায় এসেছিল খোকা-খুকির দল, তার পর থেকেই একেবারে সন্ধ্যারাত অবধি স্রোতের মতো অবিরাম মানুষের যাওয়া-আসা। গতকাল শুক্রবার ছুটির দিনে নগরবাসীর প্রধান গন্তব্যই ছিল অমর একুশে গ্রন্থমেলা। সকালে ছিল শিশু-কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা। ‘খুকি ও কাঠবিড়ালী’ আবৃত্তি করেছে খুদে আবৃত্তিকারেরা। মোট ২৬৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিল বয়সভিত্তিক তিনটি বিভাগে। তাদের সমাগমেই সকাল থেকে বাংলা একাডেমী প্রাঙ্গণ কলরবে কল্ললিত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বড়দের উপস্থিতি। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে একুশের অনুষ্ঠানমালা। বেলা গড়ানোর পর শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি হয়ে শহীদ মিনার—পুরো এলাকা অগণিত মানুষের সমাগমে সরগরম।এই সমাগম প্রাণের আবেগে: ‘এই যে মানুষের এত বিপুল সমাগম, প্রাণের আবেগেই তারা এসেছে। ভাষা আন্দোলন, রক্ত, আত্মত্যাগ অনেক কিছু জড়িয়ে আছে এই মাটির সঙ্গে। কাজেই এখান থেকে মেলা সরিয়ে নেওয়াটা ঠিক হবে না। এই মেলা না হলে প্রকাশনা এত দ্রুত বিকশিত হতো কি না সন্দেহ আছে। সৃজনশীল সাহিত্যের ভিত্তিও গড়ে উঠেছে মেলাকে কেন্দ্র করেই। এও ঠিক, মেলার পরিসর বৃদ্ধি করা প্রয়োজন। সে ক্ষেত্রে আণবিক শক্তি কমিশন বা সামনে সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হতে পারে। একাডেমীর নিজস্ব জায়গাও প্রয়োজন হবে ভবিষ্যতে। একাডেমী বাংলা সাহিত্যের দূত হিসেবে কাজ করবে। তাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত।’ গতকাল মেলা প্রাঙ্গণে বলছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কথাশিল্পী রশীদ হায়দার। এবার মেলায় তাঁর অনুপম থেকে চিম্বুকের নিচে আলোর আভা নামে প্রবন্ধ এবং অয়ন থেকে কিশোর উপন্যাস যদি দেখা পাও প্রকাশিত হয়েছে।ভালো বই প্রকাশের প্রতিযোগিতা আছে: তথ্যকেন্দ্রের হিসাবে গত ১২ দিনে মেলায় এক হাজার চার শর বেশি বই প্রকাশিত হয়েছে। কিন্তু এর মধ্যে মানসম্মত বইয়ের সংখ্যা হাতে গোনা। প্রকাশকেরাও সে কথা মানছেন। অনুপম প্রকাশনীর মিলন নাথ বলেন, ভালো বইয়ের পাণ্ডুলিপির সংকট আছে। গতকাল সূচিপত্রের প্রকাশক সাঈদ বারীও একই কথা বললেন।তিনি বলেন, ‘ভালো বই প্রকাশের জন্য প্রকাশকদের মধ্যে এখন যথেষ্ট প্রতিযোগিতা আছে। জনপ্রিয় ধারার লেখক মাত্রই কয়েকজন। তাঁদের মধ্যেও কেউ কেউ কোনো কোনো প্রকাশনা সংস্থা থেকেই বই করেন। কাজেই অন্য প্রকাশকেরা সারা বছরই চেষ্টা করেন জনপ্রিয় ধারার বাইরে ভালো বই প্রকাশ করতে। মানসম্মত প্রবন্ধ বা গবেষণা গ্রন্থের বইয়েরও চাহিদা বেশ বেড়েছে। পাঠকেরা কোনো নির্দিষ্ট বিষয়ভিত্তিক প্রবন্ধের বই কিনতে আগ্রহী। তবে এমন মানসম্মত মননশীল বইয়ের পাণ্ডুলিপি বছরে ১০০টিও পাওয়া যায় না। এ জন্যই প্রকাশকদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। অনেকেই ভালো বইয়ের জন্য লেখকদের আগাম টাকাও পরিশোধ করে থাকেন। আমাদের দেশে পাঠক যেভাবে বাড়ছে, তাতে প্রকাশনার মান আরও ভালো হতে পারত যদি সেই অনুপাতে ভালো লেখকের সংখ্যা বাড়ত। পাঠক ও প্রকাশক যেমন বেড়েছে, সে অনুসারে লেখক বেরিয়ে আসেননি।’মোড়ক উন্মোচন: বিরতিহীন লোকসমাগমের মতো অনেকটা বিরতিহীন মোড়ক উন্মোচনের আয়োজন চলেছে নজরুল মঞ্চে। তথ্যকেন্দ্রের তালিকায় দেখা গেল, এই সংখ্যা ত্রিশের ঊর্ধ্বে। এর কয়েকটি হলো—ম্যাগনামওপাস থেকে শহীদুল হকের সংগীতবিষয়ক গানের ভুবন, মিজান পাবলিশার্স থেকে রোকসানা মালেকের উপন্যাস সদরউদ্দিনের অসমাপ্ত যুদ্ধ, গোলাম ফেরদৌসের কাব্য ত্রিরত্ন, এশিয়া থেকে আনু মাহমুদের প্রবন্ধ বাঙলার জীবন্ত ইতিহাস: শেরেবাংলা, সুচয়নী থেকে মোস্তফা মালিকের রক্তাক্ত পিলখানা, ইন্দ্রজিত্ কুমার রায়ের একুশে আমার অহংকার ইত্যাদি।নতুন বই: গতকাল শুধু ক্রেতাই নয়, বইও এসেছে মেলায় প্রচুর। তথ্যকেন্দ্র ২১৪টি নতুন বইয়ের তালিকা দিয়েছে। এর মধ্যে ছিল—জনতা প্রকাশন থেকে সেলিনা হোসেনের প্রবন্ধ স্বদেশে পরবাসী, একুশে বাংলা থেকে বিপ্রদাস বড়ুয়ার পরিবেশবিষয়ক প্রকৃতি, গাছপালা ও বাংলাদেশ, গ্লোব লাইব্রেরি থেকে হোসনে আরা শাহেদের শিশুতোষ ঝগড়াটে ছেলেরা, পাঞ্জেরী থেকে মঞ্জু সরকারের উপন্যাস আবাসভূমি, সৈয়দ শামসুল হকের কবিতা ভালোবাসার দিন, অন্বেষা থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ লিঙ্কনের বিষণ্ন মুখ, বিদ্যা প্রকাশ থেকে হাসান হাফিজের ছড়া তিড়িংবিড়িং কাঠবেড়ালী, দন্ত্যস রওশনের মাইকেলের সাইকেল, তাসলিমা জামানের উপন্যাস বৃষ্টি ভেজা এক রাতে, হাক্কানী থেকে নুরুল ইসলাম নাহিদের মুক্তিযুদ্ধবিষয়ক বাংলাদেশের অভ্যুদয় ও গণতন্ত্রের পথপরিক্রমা, কথা প্রকাশ থেকে আবুল কাসেম ফজলুল হকের প্রবন্ধ প্রাচুর্যে রিক্ততা, উত্স থেকে হালিম আজাদের উপন্যাস মুক্তিস্নান, আগামী থেকে সৈয়দা সাজেদা চৌধুরীর প্রবন্ধ সংসদ বিতর্ক, ফরহাদ মজহারের কবিতা ক্যামেরাগিরি ইত্যাদি।একুশের প্রথম কবিতার কবি: একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’র কবি মাহবুব উল আলম চৌধুরী স্মরণে আলোচনা ছিল কাল মেলার মূল মঞ্চে। প্রবন্ধ পড়েন আবুল মোমেন। আলোচনা করেন শফি আহমেদ ও দেবপ্রিয় বড়ুয়া। সভাপতিত্ব করেন জিল্লুর রহমান সিদ্দিকী। সন্ধ্যায় ছিল শুদ্ধ সংগীত। আজ শনিবারও মেলার ফটক খুলবে বেলা ১১টায়। একে তো ছুটি দিন, তার ওপর ফাল্গুনের প্রথম দিন। কাজেই বন্ধনহীন হয়ে ঘুরে বেড়াতে মেলার প্রাঙ্গণেও চলে আসবে বহুজন। বাসন্তী সাজসজ্জায় রাঙা হবে মেলার চত্বর।