আজ বগুড়া থেকে শুরু আঞ্চলিক গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১-এর আঞ্চলিক পর্যায়ের উৎসব আজ সোমবার বগুড়া দিয়ে শুরু হচ্ছে। উৎসবে গাইবান্ধা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়ার ৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে এ উৎসবে এবারও পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। আর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। এ উৎসবের চূড়ান্ত পর্ব থেকে নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশগ্রহণের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্য নির্বাচন করা হবে।বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ মাঠে সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। অলিম্পিয়াড কমিটির নেতারা জাতীয় ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করবেন।জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে প্রশ্নোত্তর-পর্ব ও কুইজ। বগুড়া অঞ্চল থেকে প্রতিযোগিতায় ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।বগুড়া উৎসবে খুদে গণিতপ্রেমীদের উৎসাহ জোগাতে উপস্থিত থাকবেন গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেক গণিতবিদ ও বিজ্ঞানী।এবার ১৩টি অঞ্চলে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। কাল মঙ্গলবার হবে রংপুর আঞ্চলিক গণিত উৎসব। এরপর ক্রমান্বয়ে হবে: বরিশাল, গোপালগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, খুলনা, রাঙামাটি, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও ঢাকা অঞ্চলের উৎসব। ১৩টি আঞ্চলিক উৎসবের বিজয়ী ৮৬০ জন শিক্ষার্থী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠেয় জাতীয় গণিত উৎসব ২০১১ ও নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে। নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সেরাদের নিয়ে আয়োজন করা হবে সপ্তম বাংলাদেশ গণিত ক্যাম্প। ক্যাম্পের কৃতিত্বের ভিত্তিতে গঠিত হবে বাংলাদেশ গণিত দল। এই দল আগামী জুলাইয়ে নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) যোগ দেবে। ইন্টারনেট ও রেডিওতে উৎসবের সর্বশেষ তথ্য পাওয়া যাবে। ইন্টারনেটে radiobijoy.com ঠিকানায় এবং এবিসি রেডিওতে এ-সংক্রান্ত সব খবর পাওয়া যাবে।