আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ১৯৭২ সালের ১০ জানুয়ারি এক ঐতিহাসিক দিন। এ দিন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশের মুক্ত মাটিতে পা রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধুর এই ঘোষণার পর ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালায়। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায় কারাগারে। স্বাধীনতাকামী জনতা দীর্ঘ নয় মাস মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করার পাশাপাশি বঙ্গবন্ধুর মুক্তির দাবিতেও বিশ্বব্যাপী জনমত গড়ে তোলে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হয়। তখন থেকেই বিশ্ব নেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। পরে পাকিস্তানি শাসকগোষ্ঠী বাধ্য হয় তাঁকে মুক্তি দিতে। বাঙালি জাতির মহান এক বিজয়ের ফলেই বঙ্গবন্ধু নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাংলাদেশের মানুষের মধ্যে ফিরে আসেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর লন্ডন-দিল্লি হয়ে তিনি ঢাকায় পৌঁছান ১৯৭২ সালের ১০ জানুয়ারি।বঙ্গবন্ধুর ফিরে আসার দিনটিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো আজ নানা কর্মসূচি নিয়েছে। রাষ্ট্রপতির বাণী: এ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা যত দিন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত থাকব, তত দিন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট থাকবে। বঙ্গবন্ধু সে দিন সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন। আমি আশা করি, সবার সম্মিলিত প্রয়াসে আমরা সেই স্বপ্ন পূরণে সফল হব।’ প্রধানমন্ত্রীর বাণী: প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বন্দুকের জোরে ক্ষমতা দখলকারীরা হত্যা করে গণতন্ত্র, রুদ্ধ করে প্রগতি ও উন্নয়নের ধারা। আইন করে বন্ধ করে দেয় তাঁর হত্যার বিচার। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আজ আবারও শুরু হয়েছে গণতন্ত্রের অভিযাত্রা। জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার দিনবদলের স্বপ্নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। কর্মসূচি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এক বিবৃতিতে দিবসটি যথাযথভাবে পালনের জন্য দলীয় সমর্থকদের প্রতি আহ্বান জানান। দিবসটি উপলক্ষে আজ বাংলাদেশ আওয়ামী লীগ বিকেল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে। এতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া সকাল সাতটায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল আটটায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালিত হবে। টুঙ্গিপাড়ার কর্মসূচি: বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আরও কর্মসূচি: বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ দিবসটি উপলক্ষে গতকাল মুক্তাঙ্গনে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে। জাতীয় গণতান্ত্রিক লীগ আজ বিকেল সাড়ে চারটায় শেরেবাংলা ও সোহরাওয়ার্দীর মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছে। জাতীয় শ্রমিক লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। গণফোরাম ঢাকা মহানগর বিকেল সাড়ে চারটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।