আজ বাঁ পায়ে অস্ত্রোপচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচার করার কথা ছিল বাঁ পায়ের গোড়ালিতে। অস্ত্রোপচার করা হয়েছে ডান পায়ের গোড়ালিতে। তবে চিকিৎসকেরা ভুল শোধরানোর উদ্যোগ নিয়েছেন। আজ রোগীর বাঁ পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করা হবে। গত রোববার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) এই নির্মম ভুলের শিকার হয়েছেন কণিকা রহমান (৩০)। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাইকপাড়া গ্রামের কণিকা রহমান পায়ের সমস্যায় ভুগছেন শৈশব থেকে। তিনি প্রথম আলোকে জানান, পোলিওর কারণে তাঁর বাঁ পা ও বাঁ হাত প্রায় শুকিয়ে গেছে। আট বছর আগে বাঁ পায়েরই গোড়ালিতে আঘাত পান তিনি। আঘাতের জায়গায় ছোট ক্ষত হয়েছে এবং প্রায়ই রক্ত ঝরে। নানা চিকিৎসার পর পঙ্গু হাসপাতালে আসেন তিনি। ভর্তি হন ১৮ ফেব্রুয়ারি।চিকিৎসকেরা বাঁ পায়ের ক্ষতের জায়গায় অস্ত্রোপচার করতে হবে বলে জানান রোগী ও তাঁর স্বজনদের। সে লক্ষ্যে বাঁ পায়ের এক্স-রে, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করানো হয়। কিন্তু গত রোববার অস্ত্রোপচার হয় ডান পায়ে। কণিকা রহমান প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রোপচারের কক্ষেও আমি ডান পা কাপড় দিয়ে ঢেকে রাখি। কিন্তু অস্ত্রোপচারের পর দেখি ডান পায়ে ব্যান্ডেজ লাগানো। বাঁ পা যেভাবে ছিল সেভাবেই আছে।’ পঙ্গু হাসপাতালের ডি ব্লকের মহিলা ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে শুরুতেই বলেন, ‘ভুল অস্ত্রোপচার হয়নি।’ পরে বলেন, ‘অস্ত্রোপচারে আমাদের লক্ষ্য ছিল বাঁ পা।’ তাহলে ডান পায়ে অস্ত্রোপচার হলো কীভাবে? জবাবে তিনি বলেন, ‘নবীন (জুনিয়র) চিকিৎসকেরা অস্ত্রোপচার করেছে।’ ডান পা তো ভালো, তাঁরা কী অস্ত্রোপচার করলেন—জানতে চাইলে ওই চিকিৎসক বলেন, ‘তাঁরা (জুনিয়র চিকিত্সকেরা) দেখেছে ডান পায়ে ক্ষতের মতো কিছু একটা আছে। সে জায়গায় অস্ত্রোপচার করেছে।’ কিন্তু কাগজপত্রে তো বাঁ পায়ে অস্ত্রোপচার করার নির্দেশনা আছে। জবাবে তিনি বলেন, ‘বাঁ পায়ের ক্ষতটা গভীর। এর সঙ্গে হাড়ের সম্পর্ক আছে। এ ধরনের অস্ত্রোপচারের জন্য জ্যেষ্ঠ অধ্যাপক প্রয়োজন।’ জ্যেষ্ঠ অধ্যাপক কেন ছিল না জানতে চাইলে এবার তিনি বললেন, ‘এ ধরনের অস্ত্রোপচার নবীন চিকিৎসকেরাই করে।’কণিকা যে সহযোগী অধ্যাপকের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন অস্ত্রোপচারের সময় তিনি উপস্থিত ছিলেন না। কিন্তু ওই চিকিৎসক প্রথম আলোর কাছে দাবি করেন, ‘কণিকার দুই পায়েই সমস্যা আছে। অস্ত্রোপচার দুই পায়েই লাগত। তো, একটা পায়ে অস্ত্রোপচার হয়ে গেছে। এতে কোনো ধরনের সমস্যা হবে না।’ তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) বাঁ পায়ে অস্ত্রোপচার করা হবে। আমি নিজেও উপস্থিত থাকব।’ হাসপাতালে উপস্থিত রোগীর স্বজনদের এ তথ্য জানানো হলে তাঁরা বলেন, দুই পায়ে অস্ত্রোপচারের কথা তাঁদের আগে জানানো হয়নি। এটা তাঁরা এখন শুনছেন। তাঁরা জানান, গতকাল সকালে চিকিৎসকেরা রোগী দেখতে গিয়ে ভুল অস্ত্রোপচারের জন্য দুঃখ প্রকাশও করেছেন।