আজ বাঙালির নববর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরনতুনের ডাক দিয়ে আবার এল বৈশাখ। বিগত বছরের সব অপূর্ণতা, গ্লানি, ব্যর্থতা মুছে ফেলে জীবনকে নতুন করে সাজিয়ে তোলার আশায় বাঙালি উদ্যাপন করতে যাচ্ছে তার একান্ত আপন নতুন বর্ষ। আজ বাঙালির নববর্ষ। প্রাত্যহিক জীবনযাত্রার ব্যবহারিক প্রয়োজন মেটাতে যদিও এখন গ্রেগরিয়ান বর্ষপঞ্জিরই শরণাপন্ন হতে হয়, তবু বাংলা বর্ষপঞ্জির অনুসরণ একেবারে বিলুপ্ত হয়নি বাঙালির জীবন থেকে। কৃষিনির্ভর এই দেশের গ্রামাঞ্চলের মানুষ চাষাবাদ, ঋতুপরিক্রমা অনুসরণ, নানা তিথি-পার্বণ, আচার অনুষ্ঠান পালনের দিনক্ষণ নির্ধারণ— এমন নানা বাস্তব প্রয়োজনে বাংলা বর্ষপঞ্জিই অনুসরণ করে। তবে এসব দৈনন্দিন কর্মকাণ্ডকে ছাপিয়ে উৎসবের আয়োজনে বাঙালির নিজস্ব বর্ষ বিশেষ অগ্রাধিকার পেয়েছে। পয়লা বৈশাখ পরিণত হয়েছে বাঙালির জীবনে সর্ববৃহৎ উৎসবে। সংস্কার, মতাদর্শের মতো সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে, বৈশাখী উৎসব আজ বাংলা ভাষাভাষী সব মানুষের হূদয়াবেগ থেকে উৎসারিত এক অতুলনীয় মহোৎসবে পরিণত হয়েছে।এই নববর্ষ উপলক্ষে দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী এ উপলক্ষে বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বাণীতে বলেছেন, বাঙালির সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-আকাঙ্ক্ষা, আবেগ-অনুভূতি বিমূর্ত হয়ে ওঠে এ দিনে। অতীতের বিভেদ ভুলে বাংলা নববর্ষ সবাইকে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে অনুপ্রাণিত করুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির অসামপ্রদায়িক চেতনার আধার। এ চেতনাকে নস্যাৎ করার জন্য স্বাধীনতার আগে ও পরে বহু ষড়যন্ত্র হয়েছে। আঘাত করা হয়েছে বারবার। বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে। ধর্মান্ধ, সামপ্রদায়িক শক্তির কোনো অপচেষ্টাই সফল হয়নি।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর বাণীতে বলেন, ‘অনন্তকাল ধরে গড়ে ওঠা আমাদের ভাষা সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকারকে বিদেশি আধিপত্যবাদী প্রভুরা খর্ব করার নানা ফন্দি করেছে, কিন্তু তারা সফল হয়নি। পয়লা বৈশাখ আমাদের সেই গর্বিত ঐতিহ্যকে আনন্দের মহাসমারোহে স্মরণ করিয়ে দেয়, জেগে ওঠে জাতির আত্মপরিচয়।’এ ছাড়া দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), জাতীয় শ্রমিক আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট, বাংলাদেশ কৃষক ন্যাপ, জাকের পার্টি, জাতীয় ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।কর্মসূচি: রাজধানীজুড়ে আজ বর্ষবরণের নানা আয়োজন। বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম সূর্যোদয়ের পর রমনার বটমূলে কথা আর সুরে নতুন বছরকে আবাহন করবে ছায়ানট। ভোর সোয়া ছয়টায় সকালের সুরের আলাপ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। নববর্ষের চিরায়ত এই নান্দনিক পরিবেশনে ছায়ানটের শিল্পী ও সংগীতায়তনের শিক্ষার্থীরা ছাড়াও আমন্ত্রিত শিল্পীরা অংশ নেবেন।বাংলা নববর্ষ ১৪১৯ বরণ করতে ঢাকা মহানগর আওয়ামী লীগ সকাল সাতটায় বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজন করেছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলা একাডেমী প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা খোলা থাকবে। এদিকে নতুন বছর উপলক্ষে বাংলা একাডেমীর দুই দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে আজ সকাল আটটায় বর্ষবরণ সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রাঙ্গণে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে পুতুলনাচ, জাদু প্রদর্শনী, একক ও দলীয় নৃত্য, একক ও সমবেত সংগীত, বাউলগান, আবৃত্তিসহ নানা আয়োজন। বরাবরের মতো নববর্ষ উদ্যাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। অন্যান্য সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এবার থাকছে যাত্রাপালা সোজন বাদিয়ার ঘাট।এ ছাড়া জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, মুক্তিযুদ্ধ জাদুঘর, রবিরাগ, সারগাম ললিতকলা একাডেমি, ঋষিজ শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, খেলাঘর ঢাকা মহানগরী, নজরুল একাডেমী, তীরন্দাজ নাট্যদল, মহানগর সর্বজনীন পূজা কমিটি, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, সেগুনবাগিচা সোসাইটি, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস), ঢাকা রিজেন্সি হোটেল, নর্থ সাউথ ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, পুরানা পল্টন প্রতিবেশী নিরাপত্তা কমিটি, দনিয়া সাংস্কৃতিক জোট, সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুল, কিডজ কেয়ার স্কুল ও বনানী সোসাইটি নববর্ষ উদ্যাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর পাশাপাশি বিভাগীয় ও জেলা শহরসহ সারা দেশে বহু অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে উদ্যাপিত হবে বৈশাখী উৎসব। আজ সরকারি ছুটি। নববর্ষ উপলক্ষে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করছে বিশেষ সংখ্যা। বেতার ও টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।