আজ বাধা দিলে আবার হরতাল
আজকের হরতালে বাধা দিলে আরও একটি হরতাল করার পরিকল্পনা রয়েছে বিএনপির। সে ক্ষেত্রে আগামী রোববার হরতাল দিতে পারে দলটি। গত সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।বিএনপির একাধিক নেতা বলেছেন, হরতালে বাধা এলে শুক্র-শনি সাপ্তাহিক ছুটির পর আরও হরতাল দেওয়া হতে পারে। আজ সন্ধ্যায় এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।আরও হরতাল দেওয়া হবে কি না, এ প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সবকিছু নির্ভর করছে সরকারের আচরণের ওপর।বিএনপি সূত্রে জানা গেছে, আজকের হরতাল সফল করতে বিএনপি নানা প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রাজধানীর অন্তত ৩৭টি স্থানে জমায়েত হয়ে পিকেটিং করার সিদ্ধান্ত রয়েছে। এ ছাড়া সারা দেশের কমিটিগুলোকে নিজ নিজ এলাকায় হরতালের সময় পিকেটিং করতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। হরতালের প্রস্তুতি সম্পর্কে জানতে এবং দিকনির্দেশনা দিতে খালেদা জিয়া গত দুই দিনে বিএনপির ঢাকা মহানগর ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, গণতান্ত্রিক অধিকার হিসেবে তাঁরা হরতাল করছেন। এই হরতাল হবে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত।হরতালের সমর্থনে গতকাল বিএনপি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছে।হরতালকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার আগে থেকেই রাজধানীতে গাড়ি চলাচল কমে যায়। হরতাল-সমর্থকেরা গত রাতে রাজধানীর পল্টনে একটি ট্রাক ও একটি ছোট গাড়ি ভাঙচুর করে।হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার অভিযোগ করেছেন বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী।দলীয় সূত্র জানায়, হরতালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রাজপথে অবস্থান করার জন্য বিএনপির সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারপারসন।মির্জা ফখরুল বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে। তাই বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাঠে থাকবেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, হরতালে পরিবহনশ্রমিকসহ দেশের সাধারণ জনগণও মাঠে থাকবে।৩৭টি স্থানে পিকেটিং: বিএনপি সূত্রে জানা গেছে, হরতাল সফল করতে রাজধানী ঢাকার ৩৭টি স্থানে পিকেটিং করার সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো: দলীয় কার্যালয়ের সামনের সড়ক, কাকরাইল মোড়, পুরানা পল্টন মোড়, মতিঝিল, মালিবাগ, বাড্ডা, ঢাকা কলেজ-নিউমার্কেট এলাকা, এলিফ্যান্ট রোড-সায়েন্স ল্যাবরেটরি, গুলশান ১ ও ২ নম্বর গোলচত্বর, মহাখালী, ফার্মগেট, বাংলামোটর, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড, উত্তরা, খিলগাঁও-শাহজাহানপুর, সায়েদাবাদ, রামপুরা, যাত্রাবাড়ী, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন কোর্ট এলাকা, পুরান ঢাকার নবাবপুর, সূত্রাপুর, শ্যামলী, টেকনিক্যাল মোড়, বাঙলা কলেজসংলগ্ন এলাকা, মিরপুর ১ ও ১০ নম্বর গোলচত্বর এবং শেওড়াপাড়া। এ ছাড়া দলীয় নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় হরতালের সমর্থনে মিছিল করতে বলা হয়েছে।বিএনপির ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সাদেক হোসেন বলেছেন, রাজধানীর প্রতিটি ওয়ার্ডে দলের নেতা-কর্মীরা অবস্থান নেবেন। তাঁরা হরতালের দিন শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করবেন।হরতালের সমর্থনে সমাবেশ: গতকাল বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করে। পরে একটি মিছিল বের করা হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণের সুখ-দুঃখের খবর রাখে না, তারা দেশের উন্নয়নের কথা ভাবে না। কীভাবে ক্ষমতায় টিকে থাকা যায়, সে চক্রান্ত করছে সরকার। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, জনগণের অধিকার খর্ব করবেন না। শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে এর দায় সরকারকে বহন করতে হবে।ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নজরুল ইসলাম খান বলেছেন, যাঁরা হালাল আয় করে জীবিকা নির্বাহ করেন, তাঁদের পক্ষে এই বাজারে সংসার চালানো সম্ভব নয়। এ জন্যই হরতালের ডাক দেওয়া হয়েছে।খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের আশার প্রতিফলন ঘটাতে ব্যস্ত।